বিদ্যুতের ট্রান্সফরমার বিকলে ৩ গ্রাম অন্ধকারে

ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ৩টি গ্রামে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও চাহিদামত টাকা দিতে না পারায় রমজান মাসেও তাদের দুর্বিষহ দিন কাটাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, প্রায় ৫ বছর আগে গাইবান্ধা বিদ্যুত্ উন্নয়ন বোর্ড সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জগত্রায় গোপালপুর গ্রামে ১শ’ কেভি’র ওই ট্রান্সফরমারটি স্থাপন করে। ট্রান্সফরমারটির মাধ্যমে ইউনিয়নের জগত্রায় গোপালপুর, তরফকাল ও পোল¬াখাদা গ্রামে বিদ্যুত্ সরবরাহ করা হয়। ফলে ক্ষেতের সেচ সুবিধাও ছাড়াও ওই তিন গ্রামে ধানকল, মুরগির খামার, দোকানপাটসহ বিদ্যুত্ নির্ভর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠে। কিন্তু কয়েকদিন আগে হঠাত্ করে ওই ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এতে ওই এলাকার ব্যবসায়ী, খামার মালিক, কৃষক ও রোজাদাররা চরম বিপাকে পড়েন। এলাকাবাসীর পক্ষ থেকে ট্রান্সফরমারটি অপসারণ করে নতুন ট্রান্সফরমার প্রতিস্থাপনের আবেদন জানানো হয়। এনিয়ে বিদ্যুত্ বিভাগের ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে এলাকাবাসী কথা বললে তিনি তাদের কাছে টাকা দাবি করেন। তবে বিদ্যুত্ বিভাগের সহকারী প্রকৌশলী আবু আসাদ টাকা দাবির কথা অস্বীকার করে বলেন, ট্রান্সফরমারটি দ্রুত মেরামত করা হবে।