আলফাডাঙ্গায় সাপ আতঙ্ক
সাপের কামড়ে ১ জনের মৃত্যু
প্রকাশ : ৩১ জুলাই ২০১৩, ২১:৪০
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের সড়ারকান্দি গ্রামে সাপের কামড়ে ১ জনের মৃত্যু এবং গত ৩ দিনে ১০ জনকে দংশন করায় ওই গ্রামে চরম সাপ আতঙ্ক বিরাজ করছে। এলাকা সূত্রে জানা যায়, ওই গ্রামের জয়নুদ্দিন মিস্ত্রি (৬৫) নিজে সাপুড়ে না হলেও সাপ ধরতে পারদর্শী । সেই সূত্র ধরে গত ২৪ জুলাই দিনে ছোট ১টি গোখরা সাপের বাচ্চা ধরে মাঝার উপর পাথর চাপা দিয়ে জনসাধারণকে খেলা দেখিয়ে আনন্দ দেন। এরপর জয়নুদ্দিন মিস্ত্রি সাপের বাচ্চাটিকে মাটির পাতিলে ঢাকনা দিয়ে মুখ ঢেকে ঘরে রেখে দেন। পরদিন বিকালে পাতিলের মুখ খুলে দেখেন সাপটি নেই। এ ঘটনার পর ওই রাতেই জয়নুদ্দিনের নাতি পঞ্চম শ্রেণির ছাত্র মিঠুন (১০) সাপের কামড়ে মারা যায়। এ ঘটনার পর থেকে প্রতিরাতে ওই পরিবারের দুই/তিনজন লোক সাপের দংশনের শিকার হচ্ছেন। গতকাল মঙ্গলবার ওই এলাকার ফোন পেয়ে গিয়ে জানা যায়, ওই পরিবারে যারা সাপের কামড়ের শিকার হয়েছেন তারা হলেন মিঠুনের বাবা পান্নু মিয়া (৪৫), সাকিলা (২৫), দাদি তফিরন বেগম (৬৫), লাইলা বেগম (২৫), রুনা খাতুন (১৫), রুবেল (১২), বেদানা (২৫), কুলসুম বেগম (২৭), জবিরন বেগম। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষ সাপের হাত থেকে বাঁচতে বিভিন্ন তদবিরের জন্য পীর, ফকির ও ওঝার দ্বারস্থ হচ্ছেন এবং নির্ঘুম রাত কাটাচ্ছেন।