গাংনীতে ৭০ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত গ্রামগুলোতে নারী ও শিশুসহ ৭০ জন অ্যানথ্র্যাক্সে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ছয়জনকে মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হয়েছে। এলাকাবাসী জানায়, অসুস্থ গরু-ছাগলের মাংস খেয়ে উপজেলার তেতুলবাড়ীয়া, কাজীপুর, মটমুড়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন গ্রামে কয়েকজনের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখা দেয়। আক্রান্তদের মধ্যে ফুরু খাতুন (৫০), মান্নান (৬৫), মান কুমারী (২০), বালা দাস (৪০), শাহনাজ (২২), মুনজিরা (৪৫), আওলিয়া খাতুন (১১), মহাবুল ইসলাম (২৮), রশিদা খাতুন (৪০), মুক্তারুল ইসলাম (২৫), রেবেকা খাতুন (২৬) ও নিছারন খাতুনকে (২৮) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আনোয়ারুল ইসলাম জানান, অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস ও নাড়ি-ভুঁড়ি নাড়াচাড়া করায় তারা অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিত্সা দেয়া হচ্ছে। গাংনী প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মকবুল হোসেন জানান, এ পর্যন্ত আমরা ৭০ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সন্ধান পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।