ফুলছড়িতে উপবৃত্তির টাকা কম দেয়ার অভিযোগ
ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ৩১ জুলাই ২০১৩, ২১:৪৪
গাইবান্ধার ফুলছড়িতে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির টাকা বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, গত সোমবার উপজেলার ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলছড়ি সিনিয়র মাদ্রাসা, টেংরাকান্দি এম এ সবুর দাখিল মাদ্রাসা, ফুলছড়ি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়, চদনস্বর নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় সুবিধাভোগী শিক্ষার্থীদের মাঝে ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়। নিয়ম অনুযায়ী যষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ৬শ’ টাকার স্থলে ৪শ’ ৮০ টাকা, ৮ম শ্রেণিতে ৭শ’ ৫০ টাকার স্থলে ৫শ’ ৫০ টাকা, নবম ও দশম শ্রেণিতে ১ হাজার ২০ টাকার স্থলে ৭শ’ ৫০ টাকা করে বিতরণ করা হয়েছে বলে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা অভিযোগ করেন।
ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন জানান, ১শ’ ২২ জন সুবিধাভোগীর তালিকা ছিল। কিন্তু সে অনুপাতে টাকা বরাদ্দ হয়নি। বরাদ্দ পাওয়া গেছে ৯২ জন ছাত্র-ছাত্রীর অনুকূলে ৭৫ ভাগ অনুযায়ী উপবৃত্তির ৭৫ হাজার ১শ’ ৮০ টাকা। সেখানে বরাদ্দকৃত টাকা না দিয়ে ৬৬ হাজার ১শ’ ২০ টাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিতরণের জন্য দেন। সে টাকা আমরা ১শ’ ২২ জন ছাত্র-ছাত্রীর মাঝে বিতরণ করেছি।
উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুর রফ জানান, চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া যায়নি। এ কারণে টাকা ছাত্র-ছাত্রীদের হাতে না দিয়ে প্রতিষ্ঠান প্রধানদের হাতে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের মাঝে টাকা কম দেয়া হয়েছে এ ধরনের কোনো অভিযোগ পাইনি। উপজেলা নির্বাহী অফিসার মেহেদি-উল-সহিদ জানান, উপবৃত্তির টাকা বিতরণে কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।