গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হলেন ম্যানিং
আল জাজিরা, বিবিসি ও রয়টার্স
প্রকাশ : ৩১ জুলাই ২০১৩, ২১:৪৮
যুক্তরাষ্ট্রের একটি সামরিক আদালত উইকিলিকসের কাছে তথ্য ফাঁসের দায়ে মার্কিন সেনাসদস্য ব্র্যাডলি ম্যানিংকে গুপ্তচরবৃত্তিসহ ২০টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। তবে শত্রুপক্ষকে সাহায্য করার গুরুতর অভিযোগ থেকে তিনি মুক্তি পেয়েছেন। গতকাল বুধবারই তার সাজা ঘোষণা করার কথা রয়েছে। গুপ্তচরবৃত্তিসহ অন্য অপরাধের জন্য তার সর্বোচ্চ ১৩৬ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
উইকিলিকসের কাছে গোপন নথি ফাঁস করে দেয়ার অভিযোগে ম্যানিংকে বিচারের মুখোমুখি করা হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি গোপন গোয়েন্দা তথ্য ফাঁস করার দায়ে বিচারে তার বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সৈনিকের শপথভঙ্গের অভিযোগও রয়েছে। তিন বছর আগে গ্রেপ্তার হওয়ার সময় ম্যানিং ইরাকের রাজধানী বাগদাদে প্রথম পর্যায়ের গোয়েন্দা বিশ্লেষক হিসেবে কাজ করতেন। ম্যানিং উইকিলিকসের কাছে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করার কথা স্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু করার উদ্দেশ্য নিয়েই তিনি এ কাজ করেছেন।
সামরিক আদালতে সাত সপ্তাহ যাবত্ বিচারের পর মাত্র ১০ মিনিটেরও কম সময়ে বিচারক কর্নেল ডেনিস লিন্ড ব্র্যাডলি ম্যানিং মামলার রায় ঘোষণা করেন। জানা গেছে, এসময় ছোট ঐ আদালতকক্ষে অল্প কিছু মানুষ উপস্থিত ছিল। ম্যানিংয়ের বিরুদ্ধে আনা ২২টি অভিযোগের মধ্যে ২০টিতেই তিনি দোষী সাব্যস্ত হন। তবে সবচেয়ে গুরুতর অভিযোগ থেকে তিনি মুক্তি পেয়েছেন। ম্যানিং রাষ্ট্রের শত্রুপক্ষকে সাহায্য করেননি বলে অভিযোগের শুনানিতে জানিয়েছে আদালত। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি সেনা আদালতের বিচারক কর্নেল ডেনিস লিন্ড ম্যানিংকে ওই অভিযোগে নির্দোষ বলে ঘোষণা করেন। শুনানির সময় সামরিক পোশাক পরে আদালতে উপস্থিত ম্যানিং খুব বেশি প্রতিক্রিয়া দেখাননি।
এদিকে, বিচারে এতগুলো অভিযোগে ম্যানিংকে দোষী সাব্যস্ত করাকে বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন তার সমর্থকরা। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এ রায়ের সমালোচনা করে বলেছেন ব্র্যাডলি ম্যানিং একজন নায়ক। অ্যাসাঞ্জ বলেন, যুক্তরাষ্ট্র সরকারের অপরাধ ফাঁস করে দেয়ার কারণেই অন্যায়ভাবে ম্যানিংকে শাস্তি দেয়া হচ্ছে। তার এই লাঞ্ছনায় সারাবিশ্বে অসন্তোষ ছড়িয়ে পড়বে।