চুরি যাওয়া তিনশ’ বছরের পুরনো ভায়োলিন উদ্ধার

হারিয়ে যাওয়া এক অতি মূল্যবান ‘স্ট্রাডিভ্যারিয়াস ভায়োলিন’ দুই বছর পর খুঁজে পেয়েছে ব্রিটেনের পুলিশ। বারো লক্ষ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকার এই ভায়োলিনটির মালিক বিশ্বের খ্যাতিমান ভায়োলিনিস্টদের একজন মিন জিন কিম। তার অতি প্রিয় মূল্যবান ভায়োলিনটি ফেরত পেয়ে তিনি খুবই খুশি। খবর বিবিসির। ব্রিটেনের ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, মিড-ল্যান্ডের একটি বাড়ি থেকে তারা এই ভায়োলিনটি উদ্ধার করেছে। গায়ে ছোট-খাট দুই-একটি আঁচড় ছাড়া এটি প্রায় অক্ষত রয়েছে। মিন জিন কিমের কাছ থেকে ভায়োলিনটি চুরি হয় দুই বছর আগে। তিনি তখন লন্ডনের ইউস্টন স্টেশনে এক স্যান্ডউইচ শপে বসে ছিলেন। মিস কিম জানান, তিনি যখন টিন এজার তখন থেকে এই ভায়োলিন বাজান। গত দুই বছর এক মুহূর্তের জন্যও তিনি এটি হারানোর শোক ভুলতে পারেননি। স্ট্রাডিভ্যারিয়াস ভায়োলিনের খ্যাতি বিশ্বজুড়ে। ইটালির খুবই বিখ্যাত এক ভায়োলিন নির্মাতা আন্তোনিও স্ট্র্যাডিভ্যারি প্রায় এক হাজারের মতো ভায়োলিন তৈরি করেন। এর মধ্যে সাড়ে ছয়শোর মতো ভায়োলিন এখনো বিশ্বের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান এবং ব্যক্তির সংগ্রহে আছে। আন্তনিও স্ট্র্যাডিভ্যারি জন্মগ্রহণ করেন ১৬৪৪ সালে। মারা যান ১৭৩৭ সালে। ভায়োলিন নির্মাণে তার খ্যাতির জন্য ইউরোপের বিভিন্ন দেশের রাজ পরিবারের তরফ থেকে তার কাছে ভায়োলিন তৈরির অর্ডার আসতো। তার তৈরি ভায়োলিন কেন এত উত্কৃষ্ট তা নিয়ে নানা ব্যাখ্যা রয়েছে। কারও কারও মতে স্ট্রাডিভ্যারিয়াস ভায়ো-লিনের আসল রহস্য লুকিয়ে আছে যে কাঠ থেকে এই ভায়োলিন তৈরি সেখানে। তাদের দাবি, তিনশো বছর আগেকার ইটালির জলবায়ুতে বেড়ে উঠা গাছ থেকেই কেবল এই কাঠ পাওয়া যেত। তবে অনেকে মনে করেন, আন্তনিও স্ট্র্যাডিভ্যারির নির্মাণ কুশলতাই এখানে আসল। তার তৈরি ভায়োলিনের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, এ কারণেই এটির এত কদর।