পদ্মায় ট্রলার ডুবি চারজন নিখোঁজ

মঙ্গলবার রাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় ট্রলার চালকসহ আটজনের মধ্যে চারজন উদ্ধার হলেও বাকি চারজন এখনো নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাছামারা গ্রামের সাতজন মিলে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ডাকাতপাড়া গ্রামের এক আত্মীয়ের বাড়িতে ট্রলার নিয়ে দাওয়াতে আসেন। বাড়ি ফেরার পথে রাত দশটার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে প্রচণ্ড স্রোত ও ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় পাটুরিয়া থেকে আসা রোরো ফেরি শাহ আলী ভাসতে দেখে হাসিব দর্জি(৩৬) নামে ব্যক্তিকে উদ্ধার করে। পরে মানিকগঞ্জের সোনারচর এলাকায় লুত্ফর(৪০), ইব্রাহিম(৪১) ও শাহ আলম(১০) সাঁতরে তীরে উঠলেও বাকি তিনজনের সন্ধান এখনো মিলেনি। নিখোঁজ তিনজন হলেন শামীম(৪১), রফিক(৩৯) ও আব্দুর রাজ্জাক(৪৩)। এরা সকলেই ওই বাছামারা গ্রামের বাসিন্দা।