লাকসামে বাড়ি ফেরার পথে বাস চাপায় শিশু নিহত
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ৩১ জুলাই ২০১৩, ২২:৪০
মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল সাবিয়া আলম মারিয়া (৭)। পাশের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভুশ্চিতে নানা বাড়ি থেকে লাকসামে বাড়ি ফেরার পথে ঘাতক বাস কেড়ে নেয় তার প্রাণ। কুমিল্লার নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভৈষকপালিয়া নামে একটি স্থানে গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। মারিয়া লাকসাম উপজেলার ভৈষকপালিয়া গ্রামের শাহআলমের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী এশিয়া এক্সপ্রেস নামে একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মারিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
আশুগঞ্জে নিহত ২
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ঢাকা-সিলেট মহাসড়কের জেলার আশুগঞ্জ উপজেলার কামাউড়া বাসষ্ট্যান্ডের কাছে গতকাল দুপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এ সময় সিএনজি চালকসহ ৪ জন আহত হন। নিহতরা হলেন—নরসিংদী রায়পুরা উপজেলার পীরপুর গ্রামের রাশেদা বেগম(৩৫) ও জান্নাত বেগম(১০)। আহতদেরকে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা একই পরিবারের।
এ সময় স্থানীয়রা উত্তেজিত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বাসটি ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে আধ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। উল্লেখ্য, নিহত ও আহতরা সরাইল উপজেলার কালিকচ্ছে আত্মীয়ের বাড়ি থেকে সিএনজি অটোরিক্সা দিয়ে নিজ বাড়ি নরসিংদীর রায়পুরা ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশুগঞ্জ উপজেলার কামাউড়া বাসস্ট্যান্ডের কাছে গতকাল দুপুরে সিলেটগামী যাত্রীবাহী বাস এনা পরিবহনের সাথে ভৈরবগামী একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।