টেলিভিশন গেম শোতে শিশু উপহার

বিভিন্ন দেশে টেলিভিশন-গুলোতে প্রচারিত হচ্ছে নানা ধরনের গেম শো। এসব অনুষ্ঠানের বিজয়ী পান নগদ অর্থ বা নানা ধরনের পুরস্কার। কিন্তু গেম শোতে জয়ী হয়ে কেউ শিশু পুরস্কার পাবার কথা কি কখনো শুনেছেন। অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে পাকিস্তানের জিও টেলিভিশনে। গত সপ্তাহে তাদের একটি গেম শোতে অংশ নিয়ে সন্তানহীন সুরাইয়া বিলকিস একটি কন্যা শিশু পুরস্কার পেয়েছেন। আরও একটি শিশু উপহার দেয়া হবে সামনের শোতে। বিষয়টি নিয়ে এখন বিতর্ক চলছে। খবর সিএনএনের। সুরাইয়া বিলকিস বলেন, ‘প্রথমে আমি মর্মাহত হয়েছিলাম। আমি কখনও ভাবিনি আমাকে শিশুটি দেয়া হচ্ছে। এখন আমি খুবই খুশি।’ জিও টেলিভিশনের ‘আমান রমজান’ নামে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে পরিত্যক্ত শিশুটিকে বিলকিসের হাতে তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পাকিস্তানের ধর্মীয় পন্ডিত, টেলিভিশন মেগাস্টার আমীর লিয়াকত হুসাইন। তাকে নিয়ে বিতর্ক রয়েছে পাকিস্তানে। চিপা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশেন নামে একটি এনজিও পরিত্যক্ত শিশু দুটিকে জিও টিভিকে দেয়। সংস্থাটি জানায়, প্রতিমাসে তারা এমন ১৫টি শিশু পায়। ‘দ্য প্রাইস ইস রাইট’-এর উর্দু সংস্করণ আমান রমজান। এর পাঁচশ ‘অন্ধ ভক্ত’ আছে। এ অনুষ্ঠানে কুরআন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে অংশগ্রহণকারীকে পুরস্কার হিসেবে দেয়া হয় মোটরবাইক, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন ও ফ্রিজ। উপস্থাপক লিয়াকত হুসাইন বলেন, ক্রিসমাসে সান্তা ক্লাউস প্রত্যেককে উপহার দেয়- এটি খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জন্য রমজান আসলে বিশেষ সময়, এসময়ে মানুষকে খুশি রাখা এবং তাদেরকে পুরস্কৃত করা গুরুত্বপূর্ণ।