আজ ডিএসই’র পুরনো সূচক বন্ধ হচ্ছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো সূচক বা ডিজিইএন আজ বৃহস্পতিবার থেকে তুলে নেয়া হচ্ছে। ফলে দীর্ঘদিনের ত্রুটি নিয়ে চলতে থাকা ডিজিইএন ডিএসই’র ওয়েবসাইটে আর প্রদর্শন করা হবে না। তবে সূচকটির গণনা অব্যাহত থাকবে। এখন থেকে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) হবে ডিএসই’র প্রতিনিত্বিকারী সূচক। গত ২৮ জানুয়ারি ৪ হাজার ৫৫ পয়েন্ট দিয়ে চালু হয় ডিএসইএক্স। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা স্ট্যান্ডার্ড এন্ড পুওর (এসএন্ডপি) নতুন এ সূচকটি তৈরি করে। ডিএসই সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২৭ নভেম্বর ৮১৭ ভিত্তি পয়েন্ট ধরে ডিজিইএন চালু করে ডিএসই। এ সূচকে ‘জেড’ ক্যাটাগরী ব্যতীত সব কোম্পানি অন্তর্ভুক্ত আছে। কিন্তু এ সূচকটির গণনার ক্ষেত্রে বেশ কিছু ভুল-ত্রুটি ধরা পড়লে তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়। তবে নানা জটিলতা আর ২০১০ সালের ধসের কারণে সূচকটি বাদ দেয়ার উদ্যোগ পিছিয়ে যায়। অবশেষে চলতি বছরের ২৮ জানুয়ারি ডিএসইএক্স বা ডিএসই ব্রড ইনডেক্স নামে নতুন সূচক চালু করে ডিএসই। প্রাথমিকভাবে ১৯৯টি কোম্পানিকে এ সূচকে অন্তর্ভুক্ত করা হয়। লেনদেন যোগ্য শেয়ার সংখ্যা এবং লেনদেনের পরিমাণের মানদণ্ডে উত্তীর্ণ কোম্পানিগুলোকে এ সূচকে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে চালু করা হয় ডিএস ৩০-সূচক। ডিএসইএক্স চালুর তিন মাসের মধ্যে পুরনো ডিজিইএন সূচকটি তুলে নেয়ার ঘোষণা দিয়েছিলেন তত্কালীন ডিএসই প্রেসিডেন্ট রকিবুর রহমান। কিন্তু তা হয়নি। পরে এ নিয়ে সমালোচনা শুরু হলে অবশেষে ২২ জুলাই ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকে সূচকটি ১ আগস্ট থেকে তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।