বেলাল মোহাম্মদ-এর অপ্রকাশিত কবিতা

বলতে পারো কি, কোথায় কখন তোমরা ছিলে না—আমরা ছিলাম? সেই দিনগুলো যুদ্ধের দিন, আমরা ছিলাম যুদ্ধের মাঠে। আমাদের দেশে বিভাষী পশুরা হানা দিয়েছিল, কোটি মানুষের জানমাল তারা লুটে নিয়েছিল— তখনই আমরা বুক টান করে রুখে দাঁড়িয়েছিলাম, দেশছাড়া করে হার্মাদদের, তাড়িয়েছিলাম। তারা তাড়া খেলো ঠিকই সেদিন, তবু রেখে গেলো অশুভ প্রভাব। যুদ্ধ কখনো শেষ হয় না তো—যুদ্ধ অশেষ। স্বাধীন স্বদেশে জীবন জয়ের যুদ্ধ সামনে, তদ্দিন যদি আমরা না বাঁচি, তোমরা থাকবে। একটি যুদ্ধে তোমরা ছিলে না—আমরা ছিলাম আর-এক যুদ্ধে তোমরা থাকবে। (স্নেহভাজন মিঠু ও পল্লবের উদ্দেশে) ১৮.০৯.১৯৯২