আফগানিস্তানে বাড়ছে সহিংসতা মরছে সাধারণ মানুষ

আন্তর্জাতিক বাহিনী আফগান নিরাপত্তা বাহিনীর হাতে আফগানিস্তানের নিরাপত্তাভার হস্তান্তরের পর দেশটির বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা প্রায় এক-চতুর্থাংশ বেড়েছে বলে জাতিসংঘের একটি প্রতিবেদনে জানানো হয়েছে। বুধবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, বিদেশি সেনারা যেসব এলাকা থেকে চলে গেছে সেসব এলাকায় বেড়েছে জঙ্গি হামলা। আফগানিস্তানে জাতিসংঘের হিউম্যান রাইটস ডাইরেক্টর জর্জেত্তে গাগনোন-এর পেশ করা এ প্রতিবেদনে আরো বলা হয়, এ বছরের প্রথম ছয় মাসে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা গতবছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেড়েছে। ১২ বছরের আফগান যুদ্ধের পরিণতিতে ক্রমবর্ধমানহারে সহিংসতার শিকার হচ্ছে নারী ও শিশুরা। প্রতিবেদনে উল্লিখিত তথ্যানুযায়ী, শিশু মৃত্যু বেড়েছে ৩০ শতাংশ। এছাড়া সাধারণ নাগরিক নিহতের মোট সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৩৩ জনে। নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে লড়াইকেই সাধারণ মানুষ হতাহতের ঘটনা বাড়ার একটি অন্যতম কারণ হিসাবে দেখা হচ্ছে। ক্রসফায়ারে মৃত্যুর সংখ্যা ২০৭ বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। উল্লেখ্য, ২০১২ সালে আফগানিস্তানে বেসামরিক নাগরিক হতাহত হওয়ার সংখ্যা কমেছিল। কিন্তু তালেবানবিরোধী ১২ বছরের যুদ্ধ শেষে আফগান নিরাপত্তা বাহিনীর হাতে দায়িত্ব দেয়ার পর তালেবান হামলা ও সংঘর্ষ বেড়ে যাওয়ায় বেসামরিক নাগরিকের প্রাণহানি অনেক বেড়ে গেছে। হতাহতের সংখ্যা বাড়তে থাকায় আগামী বছর বিদেশি সেনারা আফগানিস্তান ছেড়ে চলে গেলে দেশটিতে তালেবান-জঙ্গি তত্পরতা সামাল দিতে আফগান বাহিনীর সক্ষমতা নিয়ে সংশয় দেখা দিচ্ছে।