অনির্ধারিত সফরে পাকিস্তানে কেরি
প্রকাশ : ০১ আগস্ট ২০১৩, ২০:৩৫
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি অনির্ধারিত সফরে পাকিস্তানে পৌঁছেছেন। দেশটিতে জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলা নিয়ে উত্তেজনা কমাতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আরো কিছু করার জন্য চাপ সৃষ্টির লক্ষ্যেই তার এই আকস্মিক সফর। বৃহস্পতিবার ভোরে কেরি পাকিস্তানে পৌঁছেন। দিনব্যাপী তিনি পরমাণু শক্তিধর পাকিস্তানের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
কেরি তালেবানের সঙ্গে অলোচনা পুনরায় শুরু করা এবং আফগান সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ব্যাপারেও উদ্যোগ নেয়ার বিষয়ে আলোচনা করবেন। পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান থেকে ২০১৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর অধিকাংশ সেনা ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর এ অবস্থায় আফগানিস্তানে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত করা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি। কেরির সঙ্গে সফররত যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন,“আমরা পাকিস্তানীদের সঙ্গে সন্ত্রাসবিরোধী ও সীমান্তে জঙ্গি তত্পরতা বন্ধ, অর্থনৈতিক বিভিন্ন বিষয় এবং একটি স্থিতিশীল নিরাপদ আফগানিস্তান গড়তে কীভাবে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে পারি এসব ব্যাপারে আলোচনা করবো।”
পাকিস্তানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের ড্রোন অভিযান নিয়ে দেশটিতে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। সরকার এবং জনগণ মনে করে এটি দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন। পাশাপাশি ২০১১ সালে মার্কিন নেভি সিল সদস্যরা দেশটির অভ্যন্তরে ঢুকে ওসামা বিন লাদেনকে হত্যা করার বিষয় নিয়েও পাকিস্তানে অসন্তোষ রয়েছে। কেরি এই দু’টি বিষয়ের ওপরই বেশি আলোকপাত করবেন। মাস খানেক আগে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নওয়াজ শরিফ দায়িত্ব গ্রহণ করার পর থেকে দেশটিতে কয়েক দফা আল-কায়েদা সংশ্লিষ্ট তালেবান হামলা হয়েছে। এ কারণে দক্ষিণ এশীয় এই রাষ্ট্রটির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।