আল কায়েদা গুয়ান্তানামো বন্দীদের মুক্ত করবে

যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগারে অনশনরত বন্দিদের বিষয়ে দেশটির গৃহীত ব্যবস্থার সমালোচনা করে আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি বলেছেন, সুযোগ পেলেই ওই বন্দিদের মুক্ত করার চেষ্টা করবে আল কায়েদা। বুধবার ইন্টারনেটের এক ইসলামি ওয়েবসাইটে পোস্ট করা এক অডিও টেপে তিনি এসব কথা বলেছেন। ওই অডিওতে তিনি সিরিয়ায় গৃহযুদ্ধে হিজবুল্লাহর জড়িয়ে পড়া নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, “গুয়ানতানামোতে আমাদের ভাইদের অনশন ধর্মঘট যুক্তরাষ্ট্রের কুিসত চেহারা প্রকাশ করে দিয়েছে। আল্লাহর কাছে ওয়াদা করছি আমাদের বন্দিদের মুক্ত করা না পর্যন্ত আমরা ক্ষান্ত হবো না। এদের মধ্যে আছেন ওমর আব্দেল রহমান, আফিয়া সিদ্দিকি, খালেদ শেখ মোহাম্মদ, এছাড়া যে কোনো জায়গায় নির্যাতিত প্রত্যেক মুসলিমরা।” তিনি বলেন, সিরিয়ায় ইরানি আধিপত্য প্রতিষ্ঠা করতেই হিজবুল্লাহ গেরিলারা দেশটির গৃহযুদ্ধে হস্তক্ষেপ করেছে।