শরণার্থীদের প্রথম দলটি পাপুয়া নিউগিনিতে পাঠালো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নতুন শরণার্থীবিষয়ক নীতিমালার অধীনে এই প্রথমবারের মত পাপুয়া নিউগিনিতে পাঠানো হল রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের। পাপুয়া নিউগিনির সাথে দেশটির একটি দ্বিপক্ষীয় চুক্তির আওতায় গতকাল বৃহস্পতিবার এসব শরণার্থীদের প্রেরণ করা হয়। মনুস দ্বীপে অস্ট্রেলিয়ার পরিচালিত একটি প্রক্রিয়াকরণ কেন্দ্রে তাদের আটক রাখা হবে। গত জুলাইয়ে এ চুক্তি কার্যকর হওয়ার পর দেশটির পুলিশ এবং চিকিত্সাকর্মীদের সহায়তায় অস্ট্রেলিয়া সংলগ্ন ভারত মহাসাগরে ক্রিস্টমাস দ্বীপ থেকে প্রথম পর্যায়ে ৪০ জনকে পাঠানো হয়েছে। গতমাসে পাস হওয়া দ্বিপক্ষীয় চুক্তিটিকে পিএনজি প্রস্তাব নামে অভিহিত করা হয়। তাতে বলা হয়েছে, আশ্রয়ের জন্য যেসব শরণার্থী নৌকা করে অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করবে তাদের ব্যবস্থাপনা ও পুনর্বাসনের জন্য পিএনজিতে পাঠানো হবে। তবে সেক্ষেত্রে তারা সত্যিকার অর্থেই শরণার্থী কি না তা যাচাই করে নেয়া হবে। দেশটির অভিবাসন মন্ত্রী টনি বার্কে বলেন, এই পদক্ষেপের মধ্যদিয়ে এটাই প্রকাশ পাচ্ছে অস্ট্রেলিয়া নৌকায় ভেসে আসা মানুষদের আশ্রয় না দিতে বদ্ধপরিকর।