পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত
পেশোয়ার (পাকিস্তান) থেকে বাসস
প্রকাশ : ০১ আগস্ট ২০১৩, ২০:৩৭
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একটি সড়ক দুর্ঘটনায় আগুনে পুড়ে কমপক্ষে ১৭ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে তিনটি শিশু রয়েছে। একটি ট্রাকের সাথে ধাক্কা খাওয়ার পর একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা একথা জানান।
এএফপি’র খবরে বলা হয়, যাত্রীবাহী এ বাস বান্নু নগরীতে যাওয়ার সময় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাকতুনখয়া প্রদেশের রাজধানী পেশোয়ার থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কারাক নগরীর সিনিয়র সরকারি কর্মকর্তা দিল নওয়াজ খান বলেন, “এ দুর্ঘটনার পর বাসে থাকা গ্যাস সিলিন্ডারটি ফুটো হয়ে যাওয়ায় এতে আগুন ধরে যায়।” তিনি এএফপিকে বলেন, এ দুর্ঘটনায় বাসে থাকা ১৮ জন যাত্রীর সকলের গায়ে আগুন ধরে যায়। এতে কেবলমাত্র একজন যাত্রী প্রাণে বেঁচে যায়। তবে তার অবস্থাও আশংকাজনক। হাসপাতাল সূত্র জানায়, নিহতদের মধ্যে ছয় নারী ও শিশু রয়েছে। কারাক সরকারি হাসপাতালের চিকিত্সক সার্ফরাজ খান বলেন, এ দুর্ঘটনার পর আমরা ১৭ জনের লাশ পেয়েছি। এদের মধ্যে কয়েকটি নারী ও শিশুর লাশ রয়েছে। দুর্ঘটনায় লাশগুলো এত বেশি পুড়ে গেছে যে, এগুলো সনাক্ত করা যাচ্ছে না।