সাতকানিয়ায় জমে উঠেছে ঈদ বাজার
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০১ আগস্ট ২০১৩, ২১:২৭
সাতকানিয়ার বিপনী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানগুলোকে ব্যবসায়ীরা সাধ্যমত সাজিয়েছেন। ব্যবসায়ীরা তাদের দোকানে বিভিন্ন ডিজাইনের কাপড়-চোপড়, প্রসাধনী, জুতা-স্যান্ডেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সমন্বয়ে সাজিয়েছেন। ঈদের দিন যতই কাছে আসছে ব্যবসায়ীদের বেচাকেনাও বেড়ে যাচ্ছে। এক কথায় বলতে গেলে সাতকানিয়ায় পুরোদমে জমে উঠেছে ঈদ বাজার। রমজান শুরুর আগে থেকেই কেরানীহাটের নিউমার্কেট, হক টাওয়ার, সানমুন সিটি ও সাতকানিয়া সদরের মেইন রোড, চিকন গলি, মকবুল সিরাজী মার্কেট ও পিএস টাওয়ারকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। দোকানে দোকানে সাজানো হয়েছে বাহারি শাড়ি, থ্রিপিস, তৈরি পোশাক, জুতা, স্যান্ডেল ও প্রসাধন সামগ্রী। তবে ক্রেতা-বিক্রেতা উভয়ে জানান, এবছর কাপড় ও স্যান্ডেলের দাম একটু বেশি। কেরানীহাটের নিউমার্কেট, হক টাওয়ার, সানমুন সিটি ও অন্যান্য মার্কেটে ছোট-বড় প্রায় ৮৫০টি দোকান রয়েছে। সাতকানিয়া সদরের মেইন রোড, চিকন গলি ও অন্যান্য বিপনি কেন্দ্রগুলোতে দোকান রয়েছে প্রায় ৩০০টি। সব দোকানেই রয়েছে নিত্যনতুন ডিজাইনের পোশাক, স্যান্ডেল ও প্রসাধনী। সরেজমিন ঘুরে দেখা যায়, কেরানীহাটের নিউমার্কেট ও হক টাওয়ারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। দোকানের কর্মচারীদেরও হাঁকডাক দিতে দেখা গেছে, ‘আপা আসেন’, ‘দিদি বসেন’, ‘খালাম্মা নতুন ডিজাইনের কাপড় আছে...’ ইত্যাদি ইত্যাদি।
সাতকানিয়া মকবুল সিরাজি মার্কেটে কথা হয় প্রবাসী আনিসুর রহমানের সঙ্গে। তিনি বলেন, বউ-বাচ্চা নিয়ে ঈদের বাজার দেখতে এসেছি। পছন্দ ও দাম দুটিই যদি মিলে যায় তাহলে কেনাকাটা এখানেই করবো। না হয় চট্টগ্রামের টেরিবাজারে গিয়ে ঈদের কেনাকাটা সারবো। কেরানীহাট ও সাতকানিয়ার বিভিন্ন দোকান থেকে জানা যায়, কাপড়ের মান ও ডিজাইন ভেদে থ্রিপিস ৬০০ থেকে ৭০০০ টাকা, সুতি শাড়ি ৩০০ থেকে ৩৫০০ টাকা, কাতান ও জামদানি ১৫০০ থেকে ৭০০০ টাকা, শার্ট ১৮০ থেকে ১৫০০ টাকা, জিন্স প্যান্ট ৪০০ থেকে ৩০০০ টাকা, পাঞ্জাবী ৪০০ থেকে ৩০০০ টাকা, স্যান্ডেল ১৮০ থেকে ২৭০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।