ধসে গেছে মাইনী নদীর নির্মাণাধীন ব্রিজ
খাগড়াছড়ি প্রতিনিধি ও দীঘিনালা সংবাদদাতা
প্রকাশ : ০১ আগস্ট ২০১৩, ২১:২৭
জেলার দীঘিনালা উপজেলার উপর দিয়ে প্রবাহিত খরস্রোতা মাইনী নদীর ওপর নির্মাণাধীন ১৮০ফুট দীর্ঘ একটি ফুট ব্রীজের একাংশ ধসে পড়েছে। নির্মাণ ত্রুটি ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার কারণে নির্মাণাধীন ব্রীজের ৬৫ ফুট দীর্ঘ কলাম ও স্লাব ধসে পড়ে। নির্মাণাধীন ব্রীজের একাংশ ধসে পড়ার পর এ ব্রীজের অপরাপর অংশের কাজের গুণগত মান নিয়েও এখন প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় লোকজন জানান, গত মঙ্গলবার ব্রীজের স্প্যানের কলাম ঢালাইয়ের কাজ করার সময় এ ধসের ঘটনা ঘটল।
গত মঙ্গলবার দিনভর সেতুটির স্প্যানের প্রথম অংশের ঢালাইয়ের কাজ শেষ করা হয়। কিন্তু সন্ধ্যায় বিকট শব্দে সেতুটির ৬৫ ফুট দৈর্ঘ্যের ঢালাইকৃত অংশটি ভেঙ্গে পড়ে। কিন্তু গতকাল বিকেল পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ ঘটনাস্থল পরিদর্শনে যাননি। এমনকি জেলা পরিষদের কোন কর্মকর্তাও এবিষয়ে কোন মন্তব্য দিতে চাননি। অবশ্য ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি টুন্টু চাকমা বলেন, আমরা সংশ্লিষ্ট প্রকৌশল শাখার লোকজনের উপস্থিতিতেই ঢালাই দিয়েছি। কী কারণে ভেঙ্গে পড়েছে তা বুঝতে পারছি না।