গফরগাঁওয়ে ডাকাত ও গ্রামবাসীর সংঘর্ষ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাংগাব গ্রামে গত বুধবার রাতে প্রবাসীর বাড়ি থেকে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর সাথে ডাকাত দলের সংঘর্ষে গ্রামবাসীর গণপিটুনিতে ১ ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে ২০ গ্রামবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলিসহ ১টি পাইপগান উদ্ধার করেছে। বুধবার রাত ১টার দিকে টাংগাব ইউনিয়নের দাওয়াদাইর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবুল কাশেমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। গৃহকর্তা আবুল কাশেম জানায়, ঢেঁকি দিয়ে বসত ঘরের দরজা ভেঙ্গে ডাকাত দল ঘরের ভিতর প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৪ লাখ টাকার মালামাল লুটে নেয়। গ্রামবাসীর ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আব্দুল রাজ্জাক (৫০), মনমোহন (৪০), রহিম মৌলভী, আবু কালাম, সাগর, মালেক সহ কমপক্ষে ২০ জন গ্রামবাসী আহত হয়। গুরুতর আহত আব্দুল রাজ্জাক ও মনমোহনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত রাজুর মৃতদেহ ও ৪ রাউন্ড গুলিসহ ১টি পাইপগান উদ্ধার করেছে। এ ব্যাপারে ওসি কামাল হোসেন বলেন, গ্রামবাসীর সাথে ডাকাত দলের সংঘর্ষের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।