উত্তরা ইপিজেডে গ্যাস না থাকায় উদ্যোক্তারা হতাশ

সৈয়দপুর শহরের অদূরে উত্তরাঞ্চলের একমাত্র রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল উত্তরা ইপিজেডে দীর্ঘদিনেও গ্যাস সরবরাহের কোন উদ্যোগ নেই। ফলে দেশি-বিদেশি উদ্যোক্তারা শিল্প প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করছেন না। গ্যাস সরবরাহ হলে গড়ে উঠবে অনেক শিল্প ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে সৈয়দপুরসহ গোটা উত্তরাঞ্চলে। জানা গেছে পশ্চিমাঞ্চল গ্যাস সঞ্চালন জোনে যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া পর্যন্ত গ্যাস পৌঁছালেও উত্তরাঞ্চলের রংপুর ও দিনাজপুরে এসে পৌঁছেনি। অথচ ২০০০ সালে এ গ্যাস সঞ্চালন কেন্দ্র উদ্বোধনকালে ঘোষণা করা হয়েছিল পর্যায়ক্রমে উত্তরাঞ্চলের এলাকায় গ্যাস সরবরাহ করা হবে। এছাড়া গ্যাস প্রাপ্তির সম্ভাবনার কারণে সৈয়দপুরের পাশে গড়ে তোলা হয় উত্তরা ইপিজেড। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এ উত্তরা ইপিজেডে ৫টি কোম্পানির ফ্যাক্টরি চালু আছে। বর্তমানে আরও ৪/৫টি ফ্যাক্টরি তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। গ্যাস সরবরাহ নিয়ে এ অঞ্চলের শিল্প উদ্যোক্তাদের মাঝে ব্যাপক উত্সাহ উদ্দীপনা লক্ষ্য করা গেলেও গ্যাস সরবরাহ না থাকার কারণে দেশি ও বিদেশি শিল্পোদ্যোক্তারা হতাশার মধ্যে রয়েছে।