বাস চাপায় প্রবাসী নিহত, খোয়া গেছে মালামাল
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ০১ আগস্ট ২০১৩, ২১:৩০
গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কের দরগা বাজারে আমেরিকার গ্রীনকার্ডধারী ইমরান ইসলাম (২৩) সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়।
গত ২৭ জুলাই ঢাকা থেকে কিশোরগঞ্জ যাবার পথে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কিরাতন গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইমরান ইসলাম ঢাকা থেকে অনন্যা পরিবহনযোগে দেশের বাড়ি কিশোরগঞ্জ যাচ্ছিলেন। দরগা বাজার এলাকায় উক্ত বাসটি নষ্ট হলে বাস থেকে নেমে সড়কের পাশে হাঁটছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
ইমরানের আত্মীয়রা জানায়, ইমরানের সাথে নগদ ৪২ হাজার টাকা, একটি ব্রেসলেট, গলার চেইনসহ প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও একটি আই ফোন ছিল। দুর্ঘটনার আগে অনেকেই এগুলো তার সাথে দেখেছে। দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে লাশ থানায় নিয়ে আসে। খবর পেয়ে তার আত্মীয়রা থানায় আসে। তার আত্মীয়রা যখন লাশ নিয়ে যান তখন লাশের সাথে কিছুই পায়নি। ইমরানের ভাই কামরুল হাসান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। লাশ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।