আরপিও সংশোধনের উদ্যোগ বিএনপি মানে না

আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের উদ্যোগকে উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, আরপিও সংশোধন করলে দেশে বড় ধরনের সংকট সৃষ্টি হবে। এই সংশোধন বিএনপি মানে না। বুধবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন। এমকে আনোয়ার বলেন, ইসি তাদের অপকর্ম দিয়ে সংকট ঢাকতে পারবে না। যারা ইতিমধ্যে পানির তলায় ডুবে গেছে, শুধু একটি দলকে উদ্ধার করার জন্য ষড়যন্ত্র করলে নির্বাচন কমিশনের অস্তিত্ব বিপন্ন হবে। আরপিও আইনের খসড়া তৈরি করলে তা কখনও গ্রহণযোগ্য হবে না। আর এটি করা হলে তখন শুধু নির্দলীয় সরকারে অধীনে নির্বাচনের জন্য আন্দোলন নয়, নির্দলীয় নির্বাচন কমিশন গঠনের জন্যও আন্দোলন হবে।