এশিয়া কাপ হকির দল ঘোষণা

এশিয়া কাপ হকির জন্য বাংলাদেশ দল জাহিদ হোসেন, অসিম গোপ, মামুনুর রহমান চয়ন (অধিনায়ক), কৃষ্ণ কুমার দাস (সহকারী অধিনায়ক), খোরশেদুর রহমান, মশিউর রহমান বিপ্লব, ইমরান হাসান পিন্টু, রোকনুজ্জামান, তাপস বর্মণ, ফরহাদ আহমেদ শিতুল, এএইচএম কামরুজ্জামান রানা, আব্দুল মালেক, সাব্বির হোসেন, রাসেল মাহমুদ, পুস্কর ক্ষিসা মিমো, মইনুল ইসলাম কৌশিক, হাসান যুবায়ের নিলয় ও রোমান সরকার। স্ট্যান্ড বাই ঃ সাদিকুর রহমান সিটুল, মো: ইরফানুল হক, মো: সারোয়ার হোসেন ও মো: রুবেল হোসেন। প্রধান কোচ:নাভিদ আলম, কোচ:মাহবুব হারুন, ম্যানেজার:আব্দুর রশিদ শিকদার, সহকারী ম্যানেজার: মাহবুবুল এহসান রানা, ফিজিও: মনিরুজ্জামান খান। মামুনুর রহমান চয়ন তখনো জানতেন না, তিনি জাতীয় হকি দলের অধিনায়ক হয়েছেন। চয়ন আগেও নেত্বত্ব দিয়েছেন মাঠে। কিন্তু সেটা ছিল অস্থায়ী। এবার অবশ্য এশিয়া কাপ হকির জন্য অধিনায়ক মনোনিত হয়েছেন তিনি। এশিয়া কাপে অংশ নিতে ২০ আগস্ট রাতে মালয়েশিয়া যাবে বাংলাদেশ দল। দারুণ খুশি দেশ সেরা পেনাল্টি কর্নার নেয়ায় সিদ্ধহস্ত চয়ন। গতকাল বৃহস্পতিবার বিকালে অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে লম্বা একটা হাসি দিলেন স্টিক হাতে ঘর্মাক্ত চয়ন, বললেন,‘খুশি তো লাগছে। সেই সাথে দায়িত্ব বেড়ে গেলো। চ্যালেঞ্জ বেড়ে গেলো।’ এশিয়া কাপ হকির দলে নেই শেখ মোঃ নান্নু। সিলেকশন কমিটির রফিকুল ইসলাম কামাল জানান, কোচ পারফরম্যান্সের কারণে তাকে বাদ দিয়েছেন। দলে নান্নুকে প্রয়োজন ছিল কি-না সে প্রশ্নে নতুন অধিনায়ক চয়ন বলেন, ‘কোচ খেলা দেখেছেন, তিনিই পারফরম্যান্স নির্ধারণ করেছেন।’ নান্নু ছাড়াও বাদ পড়েছেন শোয়েব আলী। আর ইনজুরির কারণে বাদ পড়েছেন আব্দুল্লাহ আল মনসুর। এশিয়া কাপের জন্য ঘোষিত ১৮ জনের দলে নতুন মুখ রয়েছেন তিন জন। এরা হলেন- বিকেএসপির ছাত্র ফরহাদ আহমেদ শিতুল, সাব্বির হোসেন এবং রোমান সরকার। এ ব্যাপারে রোমান বলেন,‘প্রথমবারের মতো সিনিয়রদের ক্যাম্পে ডাক পেয়েছি। ভালো করার চেষ্টা থাকবে।’ সাব্বির এবং শিতুলের বক্তব্যেও রোমানের সুর, ‘ভালো করতে চাই আমরা।’ জাতীয় হকি দলের পাকিস্তানী কোচ নাভিদ আলম রোমানের প্রশংসা করেছেন। রোমানের মধ্যে ঝলক দেখেছেন। প্রতিভা আছে এই তরুণের। রোমান প্রথম বর্ষের ছাত্র। বয়স সাড়ে ১৭। হকি সংশ্লিষ্টরা বলছেন, গত ১০ বছরে এতো কম বয়সে কোনো খেলোয়াড় জাতীয় দলে জায়গা পায়নি। তরুণদের সম্পর্কে ভালো বলেছেন, অধিনায়ক চয়ন। তিনি তাদের জন্য সুযোগ পাওয়াকে একটা চ্যালেঞ্জ বলে মনে করছেন। বাংলাদেশ ১৯৮২ সালে করাচিতে অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে সাত দলের মধ্যে পঞ্চম হয়েছিল। ৮৫ সালে ঢাকায় ১০ দলের মধ্যে ষষ্ঠ, ৮৯ সালে দিল্লীতে সাত দলের মধ্যে সপ্তম, ৯৩ সালে জাপানের হিরোশিমায় নয় দলের মধ্যে ষষ্ঠ এবং ৯৯ সালে কুয়ালালামপুরে আবারও একই স্থান পায় বাংলাদেশ। ২০০৩ সালে কুয়ালালামপুরে আট দলের মধ্যে অষ্টম স্থান পায় বাংলাদেশ। ২০০৭ সালে ভারতের চেন্নাইয়ে ১১ দলের মধ্যে পায় সপ্তম স্থান এবং গত আসরে ২০০৯ সালে মালয়েশিয়ায় সাত দলের মধ্যে সপ্তম স্থান পায় বাংলাদেশ। এশিয়া কাপ হকিতে বাংলাদেশের খুব একটা ভালো ফল নেই। তার মধ্যে এবারও বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, দক্ষিণ কোরিয়া এবং ওমান। এবার মালয়েশিয়ার ইপোতে বসবে এশিয়া কাপ হকির আসর। ‘বি’ গ্রুপে ২৫ আগস্ট প্রথম ম্যাচ কোরিয়ার বিরুদ্ধে, দ্বিতীয় ম্যাচ ২৬ আগস্ট ওমান এবং ২৮ আগস্ট ভারতের বিরুদ্ধে খেলবে চয়নরা। ‘এ’ গ্রুপে পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, চাইনীজ, তাইপে। ভারত ও কোরিয়ার সাথে পেরে উঠা সম্ভব না। এই দুই দলের বিরুদ্ধে হারের ব্যবধানটা যত কম করা যায়- বললেন সিলেকশন কমিটির সদস্য কামাল। তিনি জানান, কোচ চাইছে কোরিয়া এবং ভারতের সাথে যদি একটা ড্র করা যায়।