স্কুল ফুটবল

বরাদ্দ কমলেও স্পন্সর বাড়লো আয়োজনে

গত বছরের ন্যায় এবার ইসলামী ব্যাংক বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্কুল ফুটবল আয়োজনের জন্য সাড়ে পাঁচ কোটি টাকা দিচ্ছে না। অর্থের অংশ কমে গিয়ে দাঁড়িয়েছে চার কোটি টাকা। টাকা কমলেও বেড়েছে আয়োজন। স্কুল ফুটবলের পাশাপাশি কলেজ টুর্নামেন্টও অনুষ্ঠিত হবে এবার। চার কোটি টাকার মধ্যে দুই কোটি টাকা স্কুল ফুটবলে এবং দুই কোটি টাকা কলেজ ফুটবলের জন্য ব্যয় হবে। আগামী অক্টোবর থেকে মার্চে অনুষ্ঠিত হবে স্কুল ফুটবল। তবে কলেজ ফুটবলের সময় এখনো ঠিক হয়নি। অর্থ কমে যাওয়ার বিষয়টি জানতে চাইলে ব্যাংকটির নীতি-নির্ধারকরা জানিয়েছেন এটা কমা বা বাড়ার ব্যাপার না। তারা বিষয়টি দেখবেন। জানা গেছে আগের বার স্কুল ফুটবল নিয়ে নানা সমালোচনার কারণেই নাকি এবার স্পন্সর প্রতিষ্ঠান একটু পিছিয়েছে। অতিরিক্ত ব্যয় হয়েছিল খেলা পরিচালনা করতে গিয়ে। সমালোচনা যাই হোক না কেন, গোটা দেশজুড়ে স্কুল ফুটবল ঝড় তুলেছিল। এতো বড় পরিসরে স্কুল ফুটবল আয়োজন বিরাট কষ্টসাধ্য ব্যাপার হলেও শেষ পর্যন্ত সমালোচনা ছাপিয়ে গিয়ে সুন্দর সমাপ্তি হয়েছিল স্কুল টুর্নামেন্টটির। গতকাল বিকালে দিলকুশাস্থ ইসলামী ব্যাংক লিমিডেটের প্রধান কার্যালয়ে স্কুল ফুটবল নিয়ে বাফুফের সাথে স্পন্সর প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান, বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, স্কুল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালসহ অন্য কর্মকর্তারা।