এনএসসিকে চিঠি রবিবারেই
প্রকাশ : ০১ আগস্ট ২০১৩, ২২:০৫
উচ্চ আদালতের নির্দেশনা পাওয়ার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা থেকে দ্রুততম সময়ে বোর্ড নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সেই সভাশেষেই বলা হয়েছিল, জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে ও নির্বাচন কমিশনার নিয়োগ করতে অনুরোধ করে চিঠি দেবে বিসিবি। গতকাল বিসিবি সূত্রে জানা গেল, পরবর্তী কর্মদিবস, মানে রবিবার এনএসসিকে চিঠি দেয়া হবে।
নির্বাচন নিয়ে নানামুখী জটিলতা এখনো আছে। একদিকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের পরিষদ নানারকম আন্দোলনের হুমকি ও দাবিদাওয়ার কথা জানাচ্ছে। সেই সঙ্গে নির্বাচনের তফসিল ঘোষণা হলে আদালতে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছে তারা। এরই মধ্যে উচ্চ আদালত নির্বাচনের অনুমতি দেয়ায় বিসিবি প্রস্তুতি নিতে শুরু করেছে।
এসব জটিলতা নিয়ে কথা না বললেও বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন নিশ্চিত করেছেন, রবিবারই এনএসসিতে চিঠি চলে যাবে, ‘চিঠি আমরা প্রস্তুত করে ফেলেছি। এখন পাঠানোর অপেক্ষা। আশা করছি, পরবর্তী কর্মদিবসেই এনএসসিকে চিঠি দিয়ে দেয়া যাবে।’