মুক্তিপণ দিয়ে ফিরলো শ্যামনগরে অপহরণ হওয়া ৪ ঘের মালিক
শ্যামনগর (সাতক্ষীরা ) সংবাদদাতা
প্রকাশ : ০১ আগস্ট ২০১৩, ২২:২৩
৩ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে বাড়ি ফিরেছে জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলের গোলাখালি গ্রামের ৪ ঘের মালিক। তবে মুক্তিপণের টাকা দেয়ার কথা পুলিশের কাছে স্বীকার করলে তাদেরকে আবারো অপহরণ করে হত্যা করা হবে বলে জলদস্যুরা হুমকি দিয়েছে। মুক্তি পাওয়া ঘের মালিকরা হলেন—উপজেলার ভেটখালি উত্তরপাড়ার জিতেন মন্ডল (৫০), একই গ্রামের প্রনব বিশ্বাস (৩৫), কার্তিক গাইন (৪৪) ও পানখালি গ্রামের দেবব্রত মন্ডল ওরফে বাবু (৩৮)।
নাম প্রকাশ না করার শর্তে অপহূতের কয়েকজন আত্মীয় জানান, গোলাখালি নিজ চিংড়ি ঘের থেকে তাদের ৪ জনকে গত সোমবার মুক্তিপণের দাবিতে জলদস্যু রেজাউল বাহিনীর সদস্যরা অপহরণ করে। এ সময় মুক্তিপণের বিষয়টি গোপন রেখে তারা কয়েকটি মোবাইল ফোনের মাধ্যমে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন। একপর্যায়ে গত বুধবার বিকালে সুন্দরবনের গভীর জঙ্গলের একটি স্থানে ৩ লক্ষ টাকা মুক্তিপণ পৌঁছে দেয়া হয়। এরপর অপহূতদের একটি ট্রলারে করে গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা দৃষ্টিনন্দন প্রকল্পের পাশে আড়পাঙাশিয়া নদীর বেড়িবাঁধের উপর গত বুধবার রাত ১২টার দিকে ছেড়ে দিলে তারা বাড়ি ফিরে আসে। শ্যামনগর থানার ওসি আসলাম খান বলেন, থানায় জিজ্ঞাসাবাদে মুক্তিপণ দেয়ার বিষয়টি তারা অস্বীকার করেছে।