রাস্তা থেকে হটানোর আদেশ প্রত্যাখ্যান ব্রাদারহুডের
প্রকাশ : ০১ আগস্ট ২০১৩, ২২:৪২
মিসরের সামরিক বাহিনী সমর্থিত অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা রাস্তা থেকে হটানোর যে নির্দেশ দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকরা। মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে তারা অবস্থান কর্মসূচ চালিয়ে যাচ্ছে। তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকার অঙ্গীকার করেছেন। বুধবার দেশটির সরকার বিক্ষোভকারীদের রাস্তা থেকে হটাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেয়। খবর বিবিসির।
মুরসির রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড জানিয়েছে, রাস্তায় অবস্থান নেয়া ছাড়া তাদের আর কোনো পথ খোলা নেই। এর আগেও দলটি সরকারের হুমকি প্রত্যাখ্যান করে অবস্থান নেয়। তারা রাজধানী কায়রোর রাবা আল- আদাউইয়া মসজিদ এবং নাহদা স্কয়ারে অবস্থান নিয়েছে। এর ফলে ওই এলাকায় আশেপাশে যানজট সৃষ্টি হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভকারীদের হটাতে পর্যায়ক্রমে পদক্ষেপ নেয়া হবে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জাতীয় স্বার্থের বিষয়টি লক্ষ্য রেখে বিক্ষোভকারীদের অবস্থান কর্মসূচি থেকে সরে যাওয়ার আহবান জানায়। বিবৃতিতে বিক্ষোভকারীদের নিরাপত্তা বিষয়টি বিবেচনার আশ্বাস দেয়া হয়েছে। তবে ব্রাদারহুডের মুখপাত্র জিহাদ আল হাদাদ বলেছেন, কোনো কিছুরই পরিবর্তন হবে না। দলটির রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট এশাম আল-আরিয়ান বলেছেন, বিক্ষোভকারীরা তাদের অবস্থান থেকে সরে আসবে না। বিশ্ববাসী সরকারের গণহত্যার দৃশ্য প্রত্যক্ষ করেছে। গণবিক্ষোভের মুখে গত ৩ জুলাই মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিসরের সেনাবাহিনী। এরপর থেকেই তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।