শেখ সেলিমের আসনে সম্ভাব্য প্রার্থীর গাড়িতে আগুন
প্রকাশ : ০১ আগস্ট ২০১৩, ২২:৪৩
আগামী সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনের সম্ভাব্য প্রার্থী ও গোপালগঞ্জ সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বি.এম লিয়াকত আলীর নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহূত মাইক্রো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এই আসনের বর্তমান এমপি হচ্ছেন শেখ সেলিম। বুধবার ভোররাতে উপজেলা ভাইস-চেয়ারম্যানের গোপালগঞ্জ শহরের সড়ক ভবনের সামনের বাসভবনের গাড়ির গ্যারেজে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে কেরসিনের বোতল, খবরের কাগজ, শাবল, ব্যাগ ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে। এ নাশকতায় তার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে উপজেলা ভাইস-চেয়ারম্যানের বাসভবন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে উপজেলা ভাইস-চেয়ারম্যান বি.এম লিয়াকত আলী বক্তব্য রাখেন।
সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক লিয়াকত আলী নির্বাচন করার জন্য নির্বাচনী এলাকায় পোস্টারিংসহ প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেন। এ কর্মসূচিকে আরো বেগবান করার জন্য তিন মাস আগে তিনি একটি মাইক্রো ক্রয় করেন। এই মাইক্রোতে করেই তিনি নির্বাচনী প্রচারণার কাজ চালাতেন।
আগুন নেভাতে আসা প্রতিবেশী মামুন খান বলেন, রাত দেড়টার দিকে গ্যারেজে রাখা মাইক্রোতে আগুন দেখে আমরা চিত্কার দিয়ে আমাদের বাড়ির মালিক, ভাড়াটিয়া ও লোকজন নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হই। অনেক ডাকাডাকির পর চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়ারা তার বেড রুমের কলিংবেলা চাপ দেয়। পরে তিনি ঘুম থেকে ওঠেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে গাড়ির পেছনের অংশ ও ভেতরের অধিকাংশ পুড়ে যায়। লিয়াকত আলী বলেন, ‘নির্বাচনী প্রচারণা শুরুর পর আমি ব্যাপক সাড়া পাচ্ছি। আমার পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে। এতে যাদের ক্ষতি হচ্ছে এমন একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এ নাশকতার ঘটনা ঘটিয়েছে। নির্বাচনী কাজে বাধা সৃষ্টি ও আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে আমার প্রতিদ্বন্দ্বীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’
ওসি মোঃ জাকির হোসেন মোল্লা জানান, একদল দুর্বৃত্ত গ্যারেজের পেছন দিকের দেয়ালের ফাঁকা জায়গা দিয়ে খবরের কাগজ ও কেরসিন দিয়ে গাড়িতে অগ্নিসংযোগ করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে।