সব অস্ত্র প্রস্তুত রাখছেন শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দামামা শেষে এখন বিশ্বকাপের দিকে মনোযোগ দিচ্ছে টিম ইন্ডিয়া। আর ক্রিকেটের বিশ্বের সবচেয়ে বড় এই আসরের আগে নিজের অস্ত্রশালার সবগুলো অস্ত্রই প্রস্তুত করে রাখছেন কোচ রবি শাস্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। আমাদের দলে সব রকম অস্ত্র আছে। যখন যেটা প্রয়োজন সেভাবে আমরা অস্ত্রগুলোকে কাজে লাগাতে পারবো। বড় ব্যাপার হলো মূল লড়াইয়ের আগে সবগুলো অস্ত্রকে প্রস্তুত করে রাখা।’

চার নম্বরে ব্যাট করবেন কে? —এই ইস্যুতে গেল ক’দিন হলো ভারতীয় গণমাধ্যমগুলোতে বেশ তোলপাড় হচ্ছে। ক’দিন আগে সংবাদ মাধ্যমের কাছে এই পজিশনের জন্য বিজয় শঙ্করের নাম বলেছেন, অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে, সাবেকদের অনেকেই চারে দেখতে চান সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এই ইস্যুতে কোচ শাস্ত্রী অবশ্য নতুন করে কিছু খোলাসা করলেন না। তিনি বলেন, ‘আমাদের দলে প্রয়োজন-মাফিক খেলোয়াড় নেওয়া হয়েছে। এখানে অনেকেই আছে যারা চার নম্বরে ব্যাট করতে পারদর্শী। ফলে, এই বিষয়টা নিয়ে আমি একদমই দুশ্চিন্তায় নেই।’ আগামী ২২ মে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে ভারত। বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। শেষ হবে আগামী ১৪ জুলাই। ভারতের বিশ্বকাপ মিশন অবশ্য একটু পরে শুরু হবে। আগামী ৫ জুন ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। শাস্ত্রী মনে করছেন, বিশ্বকাপের আসরে ভারতের প্রত্যেকজন খেলোয়াড়ই সমানভাবে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘এখন দল কেমন হয়েছে, এসব নিয়ে কথা বলার সময় নয়। আমাদের হাতে এই ১৫ জন খেলোয়াড় আছে। এদের যে কেউই যেকোনো সময় খেলে ফেলতে পারে। এরা সবাই সমান যোগ্য। যদি, কারো ইনজুরি হয় তখনই আমরা বিকল্পের কথা চিন্তা করব।’

এদিকে, ঝুঁকির মুখে আছেন কেদার যাদব। আইপিএলের ম্যাচ চলাকালে তিনি কাঁধে চোট পান। এর জন্য আইপিএলের শেষের কয়েকটা ম্যাচ তিনি খেলতে পারেননি। এবারের আইপিএলে ১২ ইনিংসে ১৬২ রান করেছেন তিনি। যাদবের ইনজুরির ইতিহাস নতুন কিছু নয়। গেলবারও হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে প্রায় পুরোটা আইপিএলই তিনি মাঠের বাইরে কাটান। এমনকি ২০১৮ সালের এশিয়া কাপ চলাকালেও তিনি ইনজুরিতে পড়েছিলেন।

যাদব বিশ্বকাপে ভারতের ১৫ সদস্যের দলে আছেন। তিনি শেষমেশ চোট কাটিয়ে ফিট হতে না পারলে কপাল খুলে যেতে পারে ঋশাভ পান্ত কিংবা আম্বাতি রাইডুর। দু’জনই সামান্য ব্যবধানে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি।

শাস্ত্রী অবশ্য যাদবের ইনজুরি নিয়ে নির্ভার। বললেন, ‘এটা আমাকে একদমই ভাবাচ্ছে না। আসলে এই বিষয়ে আমি কিছু জানিও না। গুরুতর কিছু হলে অবশ্যই জানতাম। আমি কেবল এখন আগামী ২২ মে বিমানের ফ্লাইটে ওঠার অপেক্ষায় আছি। এখনো অনেক সময় হাতে আছে। আশা করি, এর মধ্যেই কেদার যাদব ফিট হয়ে উঠবে।’

বিশ্বকাপের মঞ্চে শাস্ত্রী শক্ত প্রতিপক্ষ মানছেন অস্ট্রেলিয়াকে। তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে চ্যালেঞ্জ হবে অস্ট্রেলিয়া। গেল ২৫ বছরে ওরা আমাদের চেয়ে তো বটেই, যে কারো চেয়ে বেশি বিশ্বকাপ জিতেছে। এখন পর্যন্ত আমি এমন কোনো অস্ট্রেলিয়া দল দেখিনি যারা শক্তিশালী নয়। আর এখন ওরা ওদের কিছু শীর্ষ ক্রিকেটারকে ফিরে পেয়েছে। ফলে, বিশ্বকাপের আগে অজিরা বেশ ভালো অবস্থানেই আছে বলা যায়।’