অবশেষে জাহাঙ্গীর নাটকের অবসান পদ শূন্য ঘোষণা

অবশেষে আলোচিত-সমালোচিত জাহাঙ্গীর নাটকের অবসান হল। গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে জাহাঙ্গীরের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে এ পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় পদত্যাগের ৫৪ দিন পর এই সিদ্ধান্ত নিল। নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হতে উপজেলার পদ থেকে গত ৬ জুন পদত্যাগ করেন জাহাঙ্গীর হোসেন। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় তার পদত্যাগ গ্রহণ না করায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে দেয়। এর বিরুদ্ধে হাইকোর্টে করা এক রিটের আদেশে জাহাঙ্গীরের পদত্যাগপত্র গ্রহণ এবং তাকে নির্বাচনে সুযোগ দিতে নির্দেশ দেয়া হয়। হাইকোর্টের নির্দেশের পর জাহাঙ্গীরকে নিয়ে শুরু হয় নাটকীয়তা। ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতারা স্থানীয়ভাবে খুব গুরুত্বপূর্ণ না হলেও তাকে নিয়ে বেশ মতামাতিতে নেমে পড়েন। খোদ প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক দল মন্ত্রী তাকে অনুরোধ করেন প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে। প্রধানমন্ত্রীর কথা রাখলেও নির্বাচনী মাঠে জাহাঙ্গীরের নাটক ছিল চোখে পড়ার মতো। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহর নির্বাচনী প্রচারে নেমে ‘কষ্টে’ চোখের পানিতে বুক ভাসিয়েছেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ও হাইকোর্টের আদেশ হাতে না পাওয়ার অজুহাতে পদত্যাগপত্র গ্রহণ না করা এবং পদটি শূন্য ঘোষণা না করার সিদ্ধান্ত নেয়। নির্বাচনী প্রচার চলাকালে স্থানীয় সরকার বিভাগ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় জাহাঙ্গীর হোসেন অফিস করছেন কী না? এতে আরো চাঞ্চল্য ছড়ায় নির্বাচনী মাঠে। সূত্র জানায়, গত মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয় হাইকোর্টের আদেশ হাতে পায়। বুধবার সচিব না থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। গতকাল জাহাঙ্গীরের পদত্যাগপত্র গ্রহণ করে পদটি শূন্য ঘোষণা করা হয়। মন্ত্রণালয় এ সম্পর্কে আদেশও জারি করে।