ঈদের পর ১২-১৩ আগস্ট জামায়াতের হরতাল
প্রকাশ : ০১ আগস্ট ২০১৩, ২২:৪৮
দলের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া রায় প্রত্যাখ্যান করে আগামী ১২ ও ১৩ আগস্ট টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। সেই সঙ্গে কাল শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
তরিকত ফেডারেশন কর্তৃক একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশনের একটি বৃহত্তর বেঞ্চ বিভক্তি রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল করায় গভীর উদ্বেগ প্রকাশ ও রায় প্রত্যাখ্যান করে রফিকুল ইসলাম খান বিবৃতিতে বলেন, জামায়াতে ইসলামী দেশের প্রধান ইসলামী দল। সংবিধানের ৩৮ অনুচ্ছেদের অধীনে জামায়াত একটি রাজনৈতিক দল হিসেবে কাজ করার অধিকার রাখে। এই অধিকার অব্যাহত আছে।
এ রায়ের মাধ্যমে সরকারের রাজনৈতিক উদ্দেশ্যের প্রতিফলন ঘটেছে। রিট আবেদনটি সম্পূর্ণ অপরিপক্ব, কারণ নিবন্ধনের পুরো প্রক্রিয়াটি এখনো নির্বাচন কমিশনের বিবেচনাধীন। এ অবস্থায় রিট চলতে পারে না। ভারত, ইংল্যান্ড এমনকি আমাদের দেশেও এ বিষয়ে উচ্চ আদালতের অনেক নজির রয়েছে। জামায়াতের আইনজীবীগণ সেসব নজির আদালতে উপস্থাপন করেছেন। কিন্তু মাননীয় আদালত সেসব অগ্রাহ্য করেছেন।
তিনি বলেন, ২০১০ সালের জানুয়ারি মাসে নির্বাচন কমিশন তাদের একটি মেমোতে উল্লেখ করেন যে, দুটো দল ছাড়া বাকি যে ১১টি দলকে নিবন্ধন দেয়া হয়েছে সবারই গঠনতন্ত্র ত্রুটিপূর্ণ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর সাথে সাংঘর্ষিক।
তিনি বলেন, কোন দলের নিবন্ধন সম্পর্কে পদক্ষেপ গ্রহণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। আর নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন সংক্রান্ত কার্যক্রমের আনুষ্ঠানিকতা শেষ করার আগেই মাননীয় আদালত নিবন্ধন বাতিল করায় আমরা বিস্মিত।
রফিকুল ইসলাম খান বলেন, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মানুষের দুঃখ এবং কষ্টের কথা বিবেচনা করে আমরা এই মুহূর্তে হরতালের মত কর্মসূচি থেকে বিরত রইলাম। তবে অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও মৌলিক অধিকার পরিপন্থি রায়ের বিরুদ্ধে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।