এবার চ্যাম্পিয়ন্স লিগ চান আগুয়েরো

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটিকে টানা দ্বিতীয় লিগ শিরোপা জেতানোর পর আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো দলকে ইউরোপসেরার আসনে দেখতে চান। কোচ পেপ গার্দিওলার সিটি গেল রবিবার প্রিমিয়ার লিগের শেষ দিনে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ৪-১ গোলে জিতে টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করে। বিপক্ষের মাঠে শুরুতেই পিছিয়ে পড়া সিটিকে সমতায় ফেরান আগুয়েরো।

ঘরোয়া ফুটবলে দারুণ প্রতাপ ধরে রাখলেও ইউরোপীয় পরিবেশে যথারীতি ব্যর্থ সিটি। এবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে টটেনহ্যামের সঙ্গে দুই লেগ মিলিয়ে ৪-৪ সমতায় শেষ করলেও অ্যাওয়ে গোল নিয়মে বিদায় নেয় ইংলিশ চ্যাম্পিয়নরা। তবে শেষে ভিএআর নাটকে রাহিম স্টার্লিংয়ের গোলটি বাতিল না হলে হয়তো সেমিফাইনালে খেলেই ফেলতো সিটি।

তবে এসবকে খেলাটারই একটা অংশ হিসেবে দেখছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আগুয়েরোর ভাষায়, ‘অবশ্যই এ বছর চ্যাম্পিয়ন্স লিগের জন্য লড়ে যাওয়া আমাদের লক্ষ্য ছিলো কিন্তু এমন ঘটনা ফুটবলে ঘটেই। আমরা খুবই ছোট ব্যবধানে বিদায় নিয়েছি, এখানে আমাদের কনুই অফসাইডে ছিলো। কিন্তু পরের মৌসুমে শেষ পর্যন্ত আমরা এটা জিততে চেষ্টা করবো।’

আগুয়েরোর বিশ্বাস ব্রাইটনের বিপক্ষে তার করা গোলটিই দলকে স্নায়ুচাপ সামলাতে সাহায্য করেছিলো। তিনি বলেন, ‘অবশ্যই অনেক সময় বাকি ছিলো এবং ভাগ্যক্রমে গোলটা খুব তাড়াতাড়িই চলে এসেছিলো। যখন আপনি এক গোলে পিছিয়ে পড়েন তখন চিন্তাশক্তি লোপ পায় আপনার এবং আপনি স্নায়ুচাপে পড়ে যান।’ তিনি আরও বলেন, ‘কিন্তু আমি যে গোলটা করেছি তা বেশ গুরুত্বপূর্ণ ছিলো কেননা প্রথমার্ধ যদি এক গোলে পিছিয়ে থেকে শেষ করতাম তাহলে ব্যাপারটা আরও জটিল হয়ে পড়তো। কিন্তু ভাগ্যিস আমরা সেটা পরিবর্তন করতে সক্ষম হয়েছিলাম।’