বিভিন্ন স্থানে জমজমাট ঈদবাজার
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২১:০৭
দেশের বিভিন্নস্থানে জমে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে গভীর রাতঅবধি চলছে বেচাকেনা। প্রতিটি মার্কেট দোকানে লক্ষ্য করা যাচ্ছে উপচে-পড়া ভিড়। এ বিষয়ে সংবাদদাতাদের পাঠানো রিপোর্ট।
সৈয়দপুর (নীলফামারী)
বাণিজ্যিক শহর সৈয়দপুরে ঈদের বাজার জমে উঠেছে। চলছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট বেচাকেনা। ক্রেতা বেশি থাকায় নিজেদের ক্ষতি পুষিয়ে নেয়ার আশায় বুক বেঁধেছেন দোকান মালিকরা। প্রতিটি দোকানে বাহারী পোশাক সাজিয়ে ক্রেতাদের আকর্ষণ করার চেষ্টা করছেন তারা। প্রায় প্রতিটি মার্কেটে ক্রেতাদের উপচে-পড়া ভিড় লক্ষ্য করা যায়। গতবারের তুলনায় এবার তৈরি পোশাক ও রেডিমেড পোশাকের দাম বেড়েছে বলে ক্রেতারা জানান। অভিজাত পরিবারের লোকজন তাদের রুচিসম্মত পোশাকের জন্য আধুনিক মার্কেট ও শপিং মলগুলোতে ভিড় করলেও নিম্ন-মধ্যবিত্তরা ছুটছেন ফুটপাতের দোকানগুলোতে।
স্বরূপকাঠি ও কাউখালী (পিরোজপুর)
স্বরূপকাঠিতে জমে উঠছে ঈদের কেনাকাটা। উপজেলার মিয়ারহাট, জগন্নাথকাঠি ও ইন্দুরহাট বন্দরের বিপণী বিতানগুলো কেনাকাটায় এখন সরগরম। সকাল থেকে রাত পর্যন্ত দোকানগুলোতে বিভিন্ন বয়সের ক্রেতাদের ভিড় লক্ষণীয়। এবার রমজানের মাঝামাঝি থেকে ঈদের কেনাকাটা শুরু হয়েছে। ক্রেতারা বিভিন্ন বন্দরের বিপণী বিতান ও ফুটপাত ঘুরে-ঘুরে তাদের পছন্দের জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। সরেজমিন মিয়ারহাট বন্দর ঘুরে দেখা গেছে গার্মেন্টস, শাড়ি কাপড়ের দোকান, জুতা ও কসমেটিকস দোকানে ক্রেতাদের ভিড় লক্ষণীয়।
ঈদের দিন যতই এগিয়ে আসছে ততই ক্রেতাদের ভিড় বাড়ছে। বিগত বছরগুলোর তুলনায় এ বছর পোশাকের দাম অনেক বেশি বলে ক্রেতারা জানান। এদিকে কাউখালীতে ঈদের কেনাকাটা জমে উঠেছে পুরোদমে। উপজেলা সদরের সবক’টি বিপণী বিতানেই গভীর রাত পর্যন্ত ক্রেতার ভিড় চলছে। তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ, গতবছরের তুলনায় এবার ঈদ পোশাকের দাম বেশি। ব্যবসায়ীরা বলেন, প্রতিবছরই ঈদবাজারে আমাদের বেশি দাম দিয়ে পোশাক কিনতে হয়। এবারও বেশি দামে কিনেছি, তাই দাম একটু বেশি।
জীবননগর (চুয়াডাঙ্গা)
জীবননগরে ঈদের বাজার জমে উঠেছে। শেষ মুহূর্তের কেনা-কাটায় ব্যস্ত এখন ক্রেতাসাধারণ। বাচ্চাদের রঙ-বেরঙের পোশাক খরিদের পর এখন চলছে নিজেদের জন্য কেনা-কাটার পালা। পুরুষ ও তরুণদের কেনা-কাটার তালিকায় রয়েছে বাহারি নামের ফুল ও শর্ট পাঞ্জাবী। এর পাশাপাশি চায়না গেঞ্জি ও শার্টের চাহিদাও বিপুল।
মহিলা ও তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে ভারতীয় থ্রিপিস ও শাড়ি। গার্মেটসে শাড়ি-কাপড় বিক্রির পাশাপাশি ছিট কাপড়, জুতা, স্টেশনারীজ ও মুদি দোকানেও রয়েছে ক্রেতাদের উপচে-পড়া ভিড়। দর্জি দোকান অনেক আগে থেকেই নতুন অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছে। সকাল থেকে রাতঅব্দি চলছে কেনা-কাটা।
নাঙ্গলকোট (কুমিল্লা)
জমে উঠেছে কুমিল্লার নাঙ্গলকোটের ঈদের বাজার। রমজানের শুরুতে বেচাকেনা কিছুটা মন্দা দেখা গেলেও বর্তমানে উপজেলার বিপণী বিতানগুলোতে এখন উপচে-পড়া ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা লেগে আছে। উপজেলা সদর ছাড়াও গ্রাম-গঞ্জের হাট-বাজারগুলোতেও ঈদের কাপড় কেনার জন্য মানুষের উপচে-পড়া ভিড় রয়েছে। ক্রেতাদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যা বেশি।
পোশাকের দোকানের পাশাপাশি ক্রেতারা ভিড় জমাচ্ছেন কসমেটিক্স, বিকল্প জুয়েলারি ও জুতার দোকানগুলোতে। তবে ক্রেতারা অভিযোগ করেন, জামা-কাপড়সহ অন্যান্য সামগ্রীর দাম চড়া হওয়ায় তাদের হিমশিম খেতে হচ্ছে। বিক্রেতারা জানান, দাম একটু বেশি হলেও পোশাকের মান এবার আগের চেয়ে ভাল।
নেত্রকোনা
নেত্রকোনায় ঈদের বাজার জমতে শুরু করেছে। সকাল থেকে রাত পর্যন্ত কেনাবেচা হচ্ছে। মার্কেট বা বিপণি বিতানগুলোতে পুরুষের চেয়ে মহিলা এবং শিশুদের ভিড় বেশি। শাড়ি, মেয়েদের থ্রি-পিস বা অন্যান্য কাপড়ের মূল্য এবার গতবারের চেয়ে অনেক বেশি। শিশুদের পোশাকের দামও তুলনামূলক বেশি। তাও আবার পছন্দসই পাওয়া যাচ্ছে না। নেত্রকোনার টেইলারিং দোকানগুলোর কর্মচারীরা দিন- রাত্রি কাজ করছেন। ঈদ উপলক্ষে কসমেটিক্সের দোকানগুলোতেও ভিড় জমছে। ঈদের মার্কেটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রতিদিন টহল দিচ্ছে।