আগৈলঝাড়ার বেনারসী পল্লীর উত্পাদন বন্ধের পথে
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২১:০৯
বিদ্যুতের অভাবে যে কোন মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে আগৈলঝাড়ার বেনারসী পল্লীর উত্পাদন কার্যক্রম। চাহিদা অনুযায়ী উত্পাদন সম্ভব না হওয়ায় বিপাকে পড়েছেন কারখানার মালিক ও শ্রমিকরা। ঈদ সামনে রেখে স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন স্থানে বেনারসী শাড়ির ব্যাপক চাহিদা বেড়েছে। কিন্তু বিদ্যুতের অভাবে শাড়ি তৈরি হচ্ছে তিন ভাগের একভাগ। বেনারসী পল্লীর মালিক হুমায়ুন খান জানান, পল্লী বিদ্যুত্ অফিসে বার বার আবেদন করেও বিদ্যুত্ সংযোগ পাওয়া যায়নি। বিদ্যুত্ সংযোগ না পাওয়ায় বেনারসী পল্লীটি প্রায় বন্ধ হবার উপক্রম হয়েছে। কারখানাটিতে বিদ্যুত্ সংযোগ পাওয়া গেলে চাহিদার চেয়েও বেশি শাড়ি উত্পাদন করা সম্ভব বলে তিনি জানান। গ্রামীণ মধ্যবিত্ত পরিবারের নারীদের বেনারসী শাড়ির চাহিদা মেটাতে ৪ বছর আগে তিনি গ্রামে নিজ উদ্যোগে গড়ে তোলেন বেনারসী পল্লী। এ কারখানায় কর্মরত রয়েছে ৩০ জন শ্রমিক।
এখানে মানসম্মত বেনারসী উত্পাদন করে অল্পদিনেই বেশ সুনাম অর্জন করেন তিনি। এ বেনারসী শাড়ি চট্টগ্রাম, সিলেট, ঢাকা, খুলনাসহ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে নিয়ে যান। প্রতিটি শাড়ি তৈরিতে ৩ হাজার টাকার চেয়ে কিছু বেশি খরচ হলেও বাজারে বিক্রয় মূল্য ৫ থেকে ৭ হাজার টাকা। বিদ্যুত্ সংযোগ থাকলে এ খরচ আরও কম হত বলে তিনি জানান। পল্লী বিদ্যুত্ জোনাল অফিসে আবেদন করা সত্ত্বেও দীর্ঘদিনেও তার প্রতিষ্ঠানটি বিদ্যুত্ সংযোগ দেয়া হয়নি। আমদানী নির্ভর এই শিল্পের যাবতীয় কাঁচামাল পাকিস্তান ও কোরিয়া থেকে সংগ্রহ করা হয়। তাই এবারের ঈদ ও পূজায় চাহিদামত বেনারসী গ্রাহকদের কাছে পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে না বলে হুমায়ুন জানান।