কেরানীগঞ্জে নারী নির্যাতন মামলার আসামি গ্রেফতার
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২১:১০
নারী নির্যাতন মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি মফিজউদ্দিন তালুকদারকে গত বুধবার ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। ২০১১ সালের ২০ অক্টোবর রাবেয়া জাহান পারুল নামে এক গৃহবধূ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী নির্যাতন মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা ছাড়াও মাদক ব্যবসার একাধিক অভিযোগ রয়েছে। মফিজউদ্দিনের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার পুটিয়া গ্রামে। সে দীর্ঘদিন এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির পাশাপাশি মাদক ব্যবসাও চালিয়ে আসছিল। মফিজউদ্দিন তালুকদার গ্রেফতার হলেও তার লোকজন বাদীকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। মামলার বাদী জানান, মফিজউদ্দিন তালুকদার একজন ভয়ংকর লোক। সে বিভিন্ন সময়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নানাভাবে নির্যাতন করতো। তার পরিবারের লোকজন প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গিয়েও নানা হয়রানির শিকার হতে হয়েছে। এখন আমি চরম নিরাপত্তাহীনতায় আছি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোঃ সাখাওয়াত হোসেন জানান, থানায় মামলা হওয়ার পরেই যথাযথ তদন্তের মাধ্যমে আসামির বিরুদ্ধে আইনগতভাবে আদালতে চার্জশিট প্রেরণ করা হয়েছে।