পীরগঞ্জে চিকিত্সা সেবার বেহাল দশা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২১:১০
পীরগঞ্জের প্রায় আড়াই লাখ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসা ৫০ শয্যার সরকারি হাসপাতাল। এ হাসপাতালে ১৯ ডাক্তারের মধ্যে আছেন মাত্র ৪ জন। হাসপাতালটি নামে ৫০ শয্যার হলেও চলছে ৩১ শয্যার জনবল দিয়ে। দীর্ঘদিন শূন্য পদ পূরণ না হওয়ায় রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে ১০ জন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারের মধ্যে ৯ জনই কর্মরত না থাকায় ইউনিয়ন পর্যায়েও চিকিত্সার বেহাল দশা চলছে। হাসপাতালের এক্স-রে মেশিনটিও অকেজো। ডেন্টাল চেয়ার নেই। স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ জানান, যোগাযোগের সুবিধার জন্য পার্শ্ববর্তী রাণীশংকৈল, হরিপুর ও বোঁচাগঞ্জ উপজেলার রোগীরা এখানে আসে যার ফলে সেবা কিছুটা বিঘ্নিত হয়। চিকিত্সক সংকট সত্ত্বেও পীরগঞ্জ হাসপাতাল প্রসূতি সেবা ও নরমাল ডেলিভারির জন্য ২০০৯, ২০১১ ও ২০১৩ সালে এবং ভাবনাগঞ্জ কমিউনিটি ক্লিনিক ২০১১ সালে ও জাবরহাট উপস্বাস্থ্য কেন্দ্র ২০১৩ সালে পেয়েছে জাতীয় পুরস্কার। তিনি আরও বলেন, ১৫টি চিকিত্সকের শূন্য পদ পূরণ হলে চিকিত্সা সেবা কিছুটা সহজলভ্য করা সম্ভব হবে।