হোসেনপুরে মা ও দুই পুত্র খুন, ঘাতক আটক

হোসেনপুর উপজেলার পল্লীতে এক পাষণ্ডের হাতে নিহত ওমর ফারুকের স্ত্রী নাজমা খাতুন(৩২) ও তার দুই শিশুপুত্র শাহজাহান(৮) ও শাহ পরানের(৫) লাশের ময়নাতদন্ত গতকাল শুক্রবার জেলা সদর হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার বিকালে উপজেলার নামা সিদলা গ্রামে। এদিকে নিহত নাজমার ভাসুর ঘাতক বোরহানউদ্দিনকে (৪৫) আটক করে গতকাল শুক্রবার কোর্টে চালান দেয়া হয়েছে। হোসেনপুর থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান, বোরহানউদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা যায়, ঘাতক বোরহানউদ্দিন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার বড়ভাই সোহরাবউদ্দিনকে খুন করে ২১ বছর সাজা খেটে রমজানের এক সপ্তাহ পূর্বে জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসে। বাড়িতে ফিরে সে তার ছোটভাই ওমর ফারুকের কাছে পিতার জমির হিস্যা দাবি করে। তাদের পিতা আলী মৃত্যুর আগে সমস্ত সহায়-সম্পত্তি ওমর ফারুকের নামে লিখে দিয়ে গেছে জানালে বোরহানউদ্দিন তার প্রতি দারুণ ক্ষিপ্ত হয়। বৃহস্পতিবার বিকালে ওমর ফারুকের অনুপস্থিতিতে বোরহানউদ্দিন তার ঘরে ঢুকে একটি আমের মোটা ডাল দ্বারা একে একে তিন জনের মাথায়ই আঘাত করে। নাজমা খাতুন ও শাহজাহান ঘটনাস্থলেই মারা যায় এবং শাহ পরানকে কিশোরগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই বোরহানউদ্দিন পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার রাতেই নান্দাইল বাসস্ট্যান্ডে সে পুলিশের হাতে ধরা পড়ে। এ ব্যাপারে ওমর ফারুক বাদী হয়ে হোসেনপুর থানায় একটি মামলা করেছে।