বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

দেশের কয়েকস্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। নওগাঁ \ নওগাঁ শহরের উকিল পাড়ার উত্তরা স্কুলের পাশে বৃহস্পতিবার সন্ধ্যায় বেপরোয়া গতির দুটি মোটর সাইকেলের চাপায় আহত শিশু তাসফিয়া (৮) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। নিহত তাসফিয়া উকিল পাড়া মহল্লার তোফাজ্জল হোসেনের মেয়ে। এ ঘটনার সময় তাসফিয়ার ছোট বোন তিভা(৭) আহত হয়। ঘটনার পর ওই দুটি মোটর সাইকেল ফেলে চালকরা পালিয়ে গেলে এলাকাবাসী উত্তেজিত হয়ে আগুন ধরিয়ে দেয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পার্বতীপুর (দিনাজপুর) বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় পার্বতীপুরের দুই যুবক নিহত হয়েছে। তারা হলেন পার্বতীপুর শহরের গুলশান নগর মহল্ল¬ার হোটেল ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা আজিজুল হকের ছেলে আজিমুল ও মন্মথপুর ইউনিয়নের কৈবত্যপাড়া গ্রামের বিনোদ চন্দ্র বিশ্বাসের ছেলে উজ্জল চন্দ্র বিশ্বাস। এতে গুরুত্বর আহত হন উপজেলার সরকারপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে মাহিন। কমলগঞ্জ (মৌলভীবাজার) কমলগঞ্জ উপজেলার শমশের নগর-মৌলভীবাজার সড়কের ভাদাইর দেউল গ্রাম এলাকায় বৃহস্পতিবার মাদকসেবীর কারের ধাক্কায় এক মহিলা নিহত হয়েছেন। মহিলা ও শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। পুলিশ ৭ বোতল ফেন্সিডিলসহ কার জব্দ ও এক ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করেছে। এলাকাবাসীর সহায়তায় ডিবি পুলিশ ও স্থানীয় ফাঁড়ির পুলিশ মাদক ব্যবসায়ী মনসুর আহমদকে (২৮) আটক করে। অপর একব্যক্তি কার থেকে নেমে পালিয়ে যায়। পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত হয়েছে। নিহত ইমামের নাম আব্দুল মালেক (৭৭)। সে উপজেলার হোসেন্দী আতকাপাড়া গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে। আব্দুল মালেক বাগানবাড়ি নামক স্থানে একটি মক্তবে ইমামতি করেন। আসরের নামাজ পড়ানোর উদ্দেশ্যে বাড়ি হতে সাইকেল যোগে মক্তবে আসার পথে বাগানবাড়ি নামক স্থানে পৌঁছলে পিছন দিক থেকে আসা অনন্যা পরিবহনের একটি গাড়ি ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়েন আব্দুল মালেক। নীলফামারী অতিরিক্ত ইট বোঝাই ট্রলি উল্টে মহেশ চন্দ্র রায় (২৪) নামের এক ট্রলি চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের পঞ্চপুকুর-বাজিতপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক শহরের বাদিয়ার মোড় এলাকার সুনিল চন্দ্রের পুত্র।