এসিসির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত

শ্রীলঙ্কা সফর

স্পোর্টস রিপোর্টার

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গত শনিবার সাফ বলে দিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে শ্রীলঙ্কা সফরের সুযোগ নেই। আগামী জুলাইয়ে তিন ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল বাংলাদেশের।

গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও বলেছেন, বর্তমান অবস্থায় শ্রীলঙ্কা সফর করবে না বাংলাদেশ। তবে সফর সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চলতি মাসের শেষ দিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মিটিংয়ে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে এসিসির মিটিং। গত মাসে কলম্বোর কয়েকটি গীর্জা ও হোটেলে বোমা বিস্ফোরণে ৩শ মানুষ নিহত হয়েছে। তারপর থেকে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে। আরো হামলা হওয়ার আশঙ্কা করছে শ্রীলঙ্কার আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘এখন শ্রীলঙ্কা সফর সম্ভব নয়; যেটা আমাদের সভাপতি এই সপ্তাহের শুরুতে বলেছেন। আমরা শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি।’ এসিসির মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে জানিয়ে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘কী হবে তা এসিসির পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত হবে।’ এসিসির মিটিংয়ে লঙ্কান বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এই সফর নিয়ে আলোচনা করবেন বিসিবির শীর্ষ কর্তারা। শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় এই সিরিজ আয়োজন সম্ভব না হলে বাংলাদেশের মাটিতে সিরিজটা আয়োজনের জন্য লঙ্কান বোর্ডকে প্রস্তাব দিতে পারে বিসিবি। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘নিরাপত্তার কারণে যদি শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় সিরিজটা না হয়, আমরা শ্রীলঙ্কাকে প্রস্তাব দেব সিরিজটা বাংলাদেশে করতে। কিন্তু যাই হোক, সেটা এসিসির মিটিংয়ে চূড়ান্ত হবে।’