পীরগঞ্জে ভিজিডি কার্ডে নিম্নমানের চাল বিতরণের অভিযোগ
পীরগঞ্জ ( ঠাকুরগাঁও ) সংবাদদাতা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২১:১৩
পীরগঞ্জ উপজেলায় ভিজিডি কর্মসূচির আওতায় দুর্গন্ধযুক্ত নিম্নমানের চাল বিতরণ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ২১৫৮টি কার্ডের বিপরীতে প্রতিমাসে কার্ড প্রতি ৩০ কেজি করে জুলাই মাসে ৬৪.৭৪ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। ইতিমধ্যে ভোমরাদহ ইউনিয়ন ৬.৭২ টন, কোষারানীগঞ্জ ইউনিয়ন ৬.৫৭ টন, খনগাঁ ইউনিয়ন ৬.৩৯ টন, সৈয়দপুর ইউনিয়ন ৬.৩০ টন, পীরগঞ্জ ইউনিয়ন ৫.৭৩ টন, হাজিপুর ইউনিয়ন ৭.৩২ টন, দৌলতপুর ইউনিয়ন ৪.৮৩ টন, সেনগাঁও ইউনিয়ন ৬.৭২ টন, জাবরহাট ইউনিয়ন ৭.৭৪ টন ও বৈরচুনা ইউনিয়ন ৬.৮৭ টন বরাদ্দকৃত চাল পীরগঞ্জ এলএসডি থেকে উত্তোলন করে। মহিলাবিষয়ক কর্মকর্তার অফিসের নির্দেশনা অনুযায়ী কোষারানীগঞ্জ, খনগাঁও, সৈয়দপুর, হাজিপুর, দৌলতপুর, সেনগাঁও ও জাবরহাট ইউনিয়ন ৩০ জুলাই চাল বিতরণ করেন এবং গত ১ আগষ্ট সরেজমিন পীরগঞ্জ ইউনিয়নে চাল বিতরণের সময় দেখা যায়, কিছু বস্তার চাল খাবার উপযোগী হলেও বেশির ভাগ বস্তার চাল নিম্নমানের। পীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া আহম্মেদ জানান, চেয়ারম্যানরা চালের গুণগত মান দেখেই চাল ডেলিভারি নিয়েছেন। তবে তিনি স্বীকার করেন যে, সরবরাহকৃত চাল এক-দেড়বছর আগে ক্রয় করা। উপজেলা নির্বাহী অফিসার শাববীর আহমেদ জানান, খাদ্য গুদাম থেকে খারাপ চাল ডেলিভারি দেয়া সম্পর্কে তার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।