পাটকেলঘাটায় ডাকাতের কবলে ৩৫ গরু ব্যবসায়ী
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২১:১৪
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা এলাকায় গত বৃহস্পতিবার রাত ১১টায় গৌরনদী উপজেলার কসবার ৩৫ গরু ব্যবসায়ীর নিকট থেকে প্রায় এক কোটি টাকা ও ৩০টি মোবাইল নিয়ে গেছে। গরুর ব্যবসায়ীরা পরিবার পরিজন নিয়ে এখন মানবেতর জীবন-যাপন করছে।
গরু ব্যবসায়ী কাদের খান বলেন, ধার-দেনা করে গরুর ব্যবসা করতাম। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ডাকাতরা গলায় ছুরি চালায়। তার থেকে ডাকাতরা ৬ লাখ ৬২ হাজার টাকা নিয়ে গেছে। গরু ব্যবসায়ী নয়ন বেপারীর থেকে ৮ লাখ টাকা, নুর আলম খন্দকার থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকা। এভাবে ৩৫ গরু ব্যবসায়ীর কাছে সর্বস্ব কেড়ে নিয়েছে ডাকাতরা।
গরু ব্যবসায়ীরা জানান, গত ২৯ জুলাই রাতে সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা থানার কুমিরা এলাকায় একটি ট্রাক আড়াআড়ি করে ব্যারিকেড দিয়ে নৈশ বাসটির গতিরোধ করে ৭-৮টি বোমা ফাটায়। ১৫-১৬ জন সশস্ত্র ডাকাত বাসের ভেতরে উঠে গুলি করে নুর আলম গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্র দিয়ে কাদের খানের গলা কাটে। ডাকাত দলের একজন ডাকাত বাসের নিয়ন্ত্রণ নিয়ে বাসটিকে ধানদিয়া এলাকার দিকে চালাতে থাকে। এ সময় ৩৫ জন গরু ব্যবসায়ীর থেকে প্রায় কোটি টাকা ও ৩০টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
কসবা গো-হাটের ইজারাদার আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, ডাকাতদের কবলে পড়ে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে ব্যবসায়ীদের কাছে ফেরত দেয়ার জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই।