জলঢাকায় রাজস্ব ফাঁকির অভিযোগে সাব রেজিস্ট্রার প্রত্যাহার
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২১:১৫
নীলফামারীর জলঢাকা সাব-রেজিস্ট্রার অফিসে দলিল সম্পাদনে ব্যাপক রাজস্ব ফাঁকি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অনুসন্ধানেও বেরিয়ে এসেছে রাজস্ব ফাঁকিসহ জাল দলিল তৈরির চাঞ্চল্যকর তথ্য। কয়েকজন ভুক্তভোগীর দলিল লেখক ও সাব-রেজিস্ট্রার আব্দুস সালামের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে নীলফামারীর জেলা রেজিস্ট্রার খলিলুর রহমান হাওলাদার গত ২১ জুলাই তদন্তে এসে অভিযোগের সত্যতা পেয়ে তাত্ক্ষণিকভাবে সাব-রেজিস্ট্রার আব্দুস সালামকে প্রত্যাহার করেন।
জানা যায়, গত ৮ ও ৯ জুলাই মোট ৪৬৬টি দলিল সম্পাদিত হয়। এসব দলিলের মধ্যে তদন্তে ১৩টি দলিলে মোটা অংকের রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। এরফলে একদিকে সরকার বছরে হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব, অপরদিকে উপজেলার সহজ-সরল জমি ক্রেতাদের প্রতারিত করে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অত্র অফিসের অসাধু দলিল লেখক ও সাব-রেজিস্ট্রার। অভিযোগ আছে দলিল লেখক সমিতির সভাপতি আমজাদ হোসেন সরকার ও তার সহযোগী আলেফ নূর সরকার, রমজান আলী, আঃ লতিফসহ কয়েকজন দলিল লেখক এসব অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। অভিযুক্ত দলিল লেখক সমিতির সভাপতি আমজাদ হোসেন সরকার বলেন,‘কোন অনিয়ম বা দুর্নীতির সাথে আমি জড়িত নই, তবে ভুলবশত দলিল মূল্য কম হওয়ায় রাজস্বের পরিমাণও কম এসেছে, নির্দেশ পেলে সেগুলো সমন্বয় করা হবে।’