আবারও ঈদে হানিফ সংকেতের নাটক

প্রতি ঈদেই বর্ণাঢ্য ‘ইত্যাদি’র পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারও তিনি এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘ধরন গুণে করণ’। প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে। বেশ কয়েক বছর ধরেই ঈদ উপলক্ষে তিনি এটিএন বাংলার জন্য বিশেষ নাটক নির্মাণ করছেন। হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। তাই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের একটি বাড়তি আকর্ষণ থাকে। ঈদের সময় অধিকাংশ নির্মাতাই কয়েকটি করে নাটক নির্মাণ করলেও বরেণ্য এই নির্মাতা বছরে দুই ঈদে দু’টি নাটক নির্মাণ করেন। তাই নানান চ্যানেলে ঈদের নাটকের ভিড়ে শুধুমাত্র একটি চ্যানেলে তার নাটক প্রচারিত হয় বলে দর্শকরা এই সময়ে তার নাটক দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করতে থাকেন। এবারের নাটকের গল্পটি শহরকেন্দ্রিক। একটি পরিবারের গৃহকর্তা জামান সাহেব নীতিবান মানুষ। অত্যন্ত সচেতন ও নীতিবান এই মানুষটির বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ছেলেমেয়েরা অস্বস্তিতে ভোগে। ঘরে বাইরে সৃস্টি হতে থাকে নানান জটিলতা কিন্তু গৃহকর্তা অনড়। সংসারের এই জটিল জট খুলতে এগিয়ে আসেন একজন। আর এই জট খুলতে গিয়ে ঘটতে থাকে নানান ঘটনা। এভাবেই এগোতে থাকে নাটকের গল্প। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আবুল হায়াত, মাসুদ আলী খান, দিলারা জামান, অপূর্ব, জেনি, আরফান, আব্দুল কাদের, আফজাল শরীফ, সুভাশিষ ভৌমিক, রিমু, মতি, অশোক বড়ুয়া, ফরিদ, কামাল বায়েজিদ, আপেল, নজরুল, রবিনসহ আরও অনেকে। উল্লেখ্য, জেনী এই প্রথমবারের মতো হানিফ সংকেতের নাটকে কাজ করলেন। আজকাল এক ঘণ্টার কোনো নাটকে এত বেশি তারকা শিল্পীদের দেখা যায় না। দুয়েকজন তারকা শিল্পীর সঙ্গে অপরিচিত শিল্পী থাকে বেশি। এই নাটকে গল্পের প্রয়োজনে যে ক’জন শিল্পী প্রয়োজন তাদেরকে নেওয়া হয়েছে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীত পরিচালনা করেছেন মেহেদী। আবহ সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত।