নারী ক্রিকেট
স্পোর্টস রিপোর্টার
ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে গতকাল জয় পেয়েছে বাংলাদেশ আনসার-ভিডিপি, শেখ রাসেল স্পোর্টস ডেভলপমেন্ট একাডেমি ও বিকেএসপি। এদিন সেঞ্চুরি করেছেন বিকেএসপির সোবানা মোস্তারি। তার সেঞ্চুরিতে ভর করে গুলশান ইয়ুথ ক্লাবকে ১০৫ রানে পরাজিত করেছে বিকেএসপি।
গতকাল আগে ব্যাট করে ৯ উইকেটে ২১০ রান তুলেছিল বিকেএসপি। সেঞ্চুরি করেন সোবানা মোস্তারি। ১১৯ বলে ১৭টি চার ও ১টি ছক্কায় ১১৬ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। এছাড়া মোর্শেদা খাতুন হ্যাপি ১৩, বন্যা চৌধুরী ১৪, জান্নাতুল ফেরদৌস সুমনা ১২, শিরিন আক্তার অপরাজিত ১২, সানজিদা জান্নাত অপরাজিত ১৩ রান করেন। বড় রান তাড়া করতে নেমে ৩৯.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয় গুলশান ইয়ুথ ক্লাব। তমালিকা ৩৭, রিমি আক্তার অপরাজিত ১৮, লিমা ১৬ রান করেন। বিকেএসপির সানজিদা জান্নাত চারটি উইকেট পান। সেঞ্চুরিয়ান সোবানা মোস্তারি ম্যাচ সেরা হন।
গতকাল বিকেএসপির দুই নম্বর মাঠে আনসার-ভিডিপি তিন উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রীড়াচক্রকে। প্রথমে ব্যাট করে ২৩.৩ ওভারে ৫২ রানে গুটিয়ে যায় কলাবাগান। আনসার-ভিডিপির ইসমত আরা ১০ রানে ছয় উইকেট নেন। পরে ১৯.৩ ওভারে সাত উইকেটে ৫৩ রান তুলে ম্যাচ জিতে নেয় আনসার-ভিডিপি। ইসমত আরা ম্যাচ সেরার পুরস্কার পান।
একই ভেন্যুর তিন নম্বর মাঠে শেখ রাসেল ২৭ রানে জিতেছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের বিপক্ষে। আগে ব্যাট করা শেখ রাসেল ১৬৯ রানে অলআউট হয় ৪৯.২ ওভারে। শায়লা শারমিন ৮৩, নাহিদা আক্তার অপরাজিত ১৫ রান করেন। জবাবে ৪২.৪ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় রূপালী ব্যাংক। নিশঙ্কা সিলভা ৪৪, ফারজানা হক পিংকি ২২, জান্নাতুল ফেরদৌস তিথি ২৫ রান করেন। শেখ রাসেলের শায়লা শারমিন ম্যাচ সেরা হন।