বিতর্ক রিয়েলিটির চাইতে ম্যাগাজিন নির্মাণ অনেক সহজ :কিরণ

বরাবরের মতো এবারের ঈদেও তারকাদের নিয়ে রম্য বিতর্কের আয়োজন করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ। সারাবছর এটিএন বাংলায় তরুণ শিক্ষার্থীদের নিয়ে বিতর্কের অনুষ্ঠান সঞ্চালনা করলেও প্রতি ঈদে তিনি এই কাজটি করেন তারকাদের নিয়ে। এ প্রসঙ্গে কিরণ বলেন, ‘ঈদ অনুষ্ঠানমালায় প্রতি বছরই আমার অফার থাকে একটি ম্যাগাজিন অনুষ্ঠান আয়োজন করার। আমি প্রতিবারই না বলি। যদি আমি মনে করি সারাদেশব্যাপী যে বিতর্ক অনুষ্ঠানের আয়োজন আমি করে থাকি, তা থেকে একটি ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করা খুবই সহজ। কিন্তু আমি চাই না আমার নিজস্ব স্টাইলের বাইরে বের হতে।’ অন্যদিকে বর্তমান সময়ের এই অস্থির ঈদ অনুষ্ঠানে নিজের এই ধারার অনুষ্ঠানের দর্শকপ্রিয়তা কতটুকু থাকে তা নিয়ে নির্মাতা ও সঞ্চালক কিরণ বলেন, ‘আমি মনে করি না দর্শকেরা ঈদে খুব মনোযোগ দিয়ে টিভি দেখে। তারা আসলে রিমোট হাতে নিয়ে কিছুক্ষণ সময় কাটায় মাত্র। এর ফাঁকে কোনো মুহূর্ত ভালো লাগলে তা দেখে আবারও চোখ ঘুরিয়ে নেয়। তাই এই সময়টাতে দীর্ঘ গবেষণা করে কোনো অনুষ্ঠান তৈরি করা বৃথা। এ কারণেই দর্শকরা খুব অল্প সময়ের ভেতর নির্মল বিনোদন পেতে পারে সেই চেষ্টাই করে থাকি।’ এ ছাড়া হাসান আহমেদ চৌধুরী কিরণের অনুষ্ঠান নির্মাণের ব্যাপারে অনেকেই অভিযোগ করেন মাত্র একটি চ্যানেলেই তিনি আবদ্ধ থাকেন। এ প্রসঙ্গে কিরণ বলেন, ‘আমি নিজে থেকেই চাই না। কারণ একটি চ্যানেলে আমার এই বিতর্ক সিরিজটি জনপ্রিয় হয়ে যাওয়ার কারণে অন্য অনেক চ্যানেলই অফার করেছে। আমি যাইনি। কারণ একসময় আমি একাধিক চ্যানেলে আমার এই কনসেপ্ট নিয়ে ঘুরেছি। তারা ফিরিয়ে দিয়েছেন। হয়তো নতুন কোনো কনসেপ্ট হলে যেতে পারি। তবে আমি মেধাবী তরুণদের সাথে বর্তমান পালামেন্টারিয়ানদের সাথে যে সরাসরি মেলবন্ধন তৈরির কাজটি করি এটা একটি চ্যানেলের পূর্ণাঙ্গ সাপোর্ট ছাড়া সম্ভব নয়। যা আমি এটিএন বাংলা থেকে পেয়ে থাকি। তাই আপাতত অন্য চ্যানেলে যেতে চাই না।’