সামনে থেকে নেতৃত্ব দিলেন ক্লার্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২১:৪১
মাইকেল ক্লার্কের দুর্দান্ত এক সেঞ্চুরির পাশাপাশি স্টিফেন স্মিথ এবং ব্রাড হাডিনের দুই হাফ সেঞ্চুরির উপর ভর করে তৃতীয় ইনভেস্টেক অ্যাশেজ টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়তে চলেছে অস্ট্রেলিয়া। ওল্ড ট্রাফোর্ডে টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত সফরকারিদের সংগ্রহ সাত উইকেটে ৫০৭ রান। ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রানের দূরত্বে অজি অধিনায়ক ফিরে গেলেও হাডিন অপরাজিত ছিলেন ৫৪ রানে।
আগের দিনের তিন উইকেটে ৩০৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামা অজিরা দিনের শুরুটা করে সাবধানী ভঙ্গিতে। এরপর সময় গড়ানোর সাথে সাথেই হাত খুলতে থাকেন ক্লার্ক। চতুর্থ উইকেটে ওল্ড ট্রাফোর্ডে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পর এই জুটি পেরোয় ২০০ রানের মাইলফলকও। একসময় যখন স্মিথের সেঞ্চুরিটাকে প্রায় পাওনা বলেই মনে হচ্ছিল ঠিক তখনই ভুল করে বসেন তিনি। গ্রায়েম সোয়ানের বলে উচ্চাভিলাসী শটের মাশুল গুণেন জনি ব্যারিসটোকে ক্যাচ দিয়ে।
এরপর দ্রুতই বিদায় নেন ডেভিড ওয়ার্নারও। তবে ষষ্ঠ উইকেটে হাডিন ক্লার্কের সাথে জুটি বেঁধে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেন। ব্যক্তিগত ১৮৭ রানে ক্লার্ককে বোল্ড করে এই জুটির পতন ঘটান স্টুয়ার্ট ব্রড।
তবে ক্রমেই ব্যাট হাতেও পরিণত হয়ে উঠতে থাকা পেসার মিচেল স্টার্কের ঝড়ো হাফ সেঞ্চুরিতে শেষ পর্যন্ত চা বিরতির আগেই পাঁচশো পেরোয় অস্ট্রেলিয়া। হাডিনের সঙ্গে ৭৭ রানের অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটিতে স্টার্কের অবদানই ৫৪! টানা তৃতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে গ্রায়েম সোয়ান ছিলেন স্বাগতিকদের সবচেয়ে সফল বোলার।