টেকনিকে চোখ ক্রুইফের
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২১:৪২
প্রস্তুতি ম্যাচ বলে ফলাফল নিয়ে খুব বেশি চিন্তিত নন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ লুডভিক ডি ক্রুইফ। আজ থাইল্যান্ডে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে এমনটাই জানালেন তিনি।
গতকাল সকালেই থাইল্যান্ডের ন্যাগচোকে জাতীয় ফুটবল সেন্টারে পৌঁছেছে বাংলাদেশ দল। এখানেই শেষ প্রস্তুতি সাড়ে দলটি। আজকের ম্যাচে অসোতস্পা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ থাইল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দল। ম্যাচের আগে কোচ বলেন, ‘এসব মূলত প্রস্তুতি ম্যাচ। তাই আমি ফলাফল নিয়ে খুব একটা ভাবছি না। বরং, আমি লক্ষ্য রাখছি খেলোয়াড়দের টেকনিকের দিকে। আর এর মধ্য দিয়ে আমাদের ভুলগুলো কাটিয়ে উঠতে হবে। আগামীকালও (আজ) আমরা এসব দিকে লক্ষ্য রেখেই খেলতে নামবো। এখনকার দলগুলো যথেষ্ট পরিপক্ক।’
ইনজুরির কারণে গতকাল অনুশীলনে ছিলেন না জাহিদ ও মোবারাক। তবে, কিছুদিনের মধ্যেই তারা ফিট হয়ে দলের সাথে যোগ দেবেন বলে জানা গেছে। দলের সদস্য ইয়ামিন মুন্না বলেন, ‘দেশে আমরা ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে খেলি। তবে, আমরা গত এক মাস ধরে একসাথে আছি। এখন আমাদের মধ্যে যথেষ্ট ভাল সমন্বয় হয়েছে। আর যতো দিন যাচ্ছে ততো আমাদের খেলার মধ্যে ছন্দ আসছে। আর কোচও যথেষ্ট ভাল কাজ করছেন।’
আগামী ম্যাচে ভাল খেলার কথা জানালেন ডিফেন্ডার আরিফুল ইসলাম। গত ম্যাচের কথা মনে রেখে তিনি বলেন, ‘ গত ম্যাচে আমাদের একটা শক্তিশালী আর সংগঠিত দলের মুখোমুখি হতে হয়েছিল। আমরা আমাদের পরিকল্পনা মতোই খেলেছিলাম, কিন্তু তাদের সাথে পেরে উঠতে পারিনি। কয়েকটা সুযোগ নষ্ট করায় ম্যাচটা আমাদের হাতছাড়া হয়। তবে, সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিতে পেরেছি। আশা করি, আজকের ম্যাচে ভাল ফলাফল আসবে।