মেরিটাইম লেবার কনভেনশন অনুসমর্থন করার আহ্বান

আইএলও কর্তৃক গৃহীত মেরিটাইম লেবার কনভেনশন ২০০৬ অনুসমর্থনের মেয়াদ আগামী ২০ আগস্ট শেষ হচ্ছে। এর আগেই এ কনভেনশন অনুসমর্থন করার জন্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজুর প্রতি আহ্বান জানিয়েছেন। গত বুধবার মন্ত্রীর কাছে প্রেরিত পত্রে চেম্বার সভাপতি বলেন, অনুসমর্থন করা না হলে বাংলাদেশি পতাকাবাহী ৭১টি সমুদ্রগামী জাহাজ বিদেশের বন্দরে প্রবেশে বাধাপ্রাপ্ত হবে। ফলে পণ্য পরিবহনের জন্য বিদেশি জাহাজ ভাড়া করতে হলে তাতে পরিবহন ব্যয়ের কারণে পণ্যমূল্য বৃদ্ধি পাবে। এছাড়া দেশি-বিদেশি জাহাজে কর্মরত প্রায় ১২ হাজার বাংলাদেশি নাবিকের চাকরি হারানো এবং বিদেশি জাহাজে নাবিকদের নতুন চাকরি পেতেও সমস্যা সৃষ্টি হবে বলে চেম্বার সভাপতি আশংকা প্রকাশ করেন। নাবিকদের চাকরির শর্ত, কর্মঘণ্টা, বিশ্রাম, মজুরি, ছুটি এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত এই কনভেনশন অনুযায়ী সমুদ্রযাত্রায় নিয়োজিত পতাকাবাহী জাহাজে শ্রম প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশের আমদানি-রপ্তানিসহ আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য মারাত্মক হুমকির সম্মুখীন হওয়ার শংকা ব্যক্ত করে দেশের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থে সরকার, জাহাজ মালিক ও শ্রমিকদের সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় সভার মাধ্যমে অতিদ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর প্রতি চেম্বার সভাপতি অনুরোধ জানান।