চট্টগ্রামে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৭

নগর ছাত্রদল সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুকে বাসা থেকে অপহরণের পর কুপিয়েছে তার বিরোধী পক্ষ। নগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিরোধের জের ধরে বুধবার রাতে তার ওপর এ হামলা হয় বলে পুলিশ জানায়। এ ঘটনায় বুলু ছাড়াও ৬ জন আহত হয়েছেন। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়। দলীয় সূত্র জানায়, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসকে খোদা তোতনের ভাতিজা সৈয়দ আল রাব্বী রিকুর অনুসারীরা বুধবার রাত ৯টার দিকে বুলুকে নগরীর পশ্চিম খুলশি এলাকায় তার বাসা থেকে তুলে নিয়ে যায়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে বুলুসহ ৭ জন আহত হন। অন্যরা হলেন ফরিদ, আব্দুল হাই, মুনির, সৈয়দ আল রাব্বী রিকু, জনি ও তাজিল। হামলাকারীরা বুলুর বাসার আবসবাপত্র ভাংচুরের পর একটি মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। হামলাকারীরা চলে যাওয়ার সময় বুলুকে জোর করে তুলে নিয়ে যায়। প্রায় দেড় ঘন্টা পর রাত সাড়ে ১০টার দিকে বুলুকে বিজিএমইএ ভবনের পেছনে রেলওয়ে কোয়ার্টারের রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মইনুল ইসলাম ভূইয়াঁ ইত্তেফাককে বলেন, ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিরোধের জের ধরে বুধবার রাতে বুলুর বাসায় হামলা হয়। এতে বুলুসহ ৭ জন আহত হয়। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে তিনি জানান। উল্লেখ্য, গত ২১ জুলাই গাজী সিরাজকে সভাপতি ও বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করে নগর ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষিত হয়। এ কমিটি বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে পদবঞ্চিতরা।