বিমান বন্দরে জাল পাসপোর্টসহ তিনজন আটক
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২২:০৫
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল পাসপোর্টসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন রোহিঙ্গা বলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানিয়েছে। আটককৃতরা হলেন, আবুল কাশেম, আলী ও আকতার হোসেন। এদের মধ্যে কাশেম মিয়ানমারের রোহিঙ্গা বলে এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান। তিনি বলেন, শুক্রবার সকালে সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের চেক ইন এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের সৌদি আরবে যাওয়ার কথা ছিল। এপিবিএন কর্মকর্তা জানান, গুলজার ও নাছির নামে দুই দালালকে জন প্রতি সাড়ে তিন লাখ টাকা করে দিয়ে ওই তিনজন জাল পাসপোর্টে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।